বিনোদন ডেস্ক
০৫ নভেম্বর ২০২২, ০৩:১০ পিএম
দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তামিলনাড়ুর এই পরিচালকের। এরইমধ্যে ছবিটি নিয়ে হাইপ উঠেছে। বাদশাহর অনুরাগীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
এদিকে অ্যাটলি কুমারের বিরুদ্ধে সিনেমার গল্প চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল তুলেছেন এক দক্ষিণ ভারতীয় প্রযোজক মণিকম নারায়ণন। পরিচালকের বিরুদ্ধে তামিল ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিলে অভিযোগ দায়ের করেছেন তিনি। দাবি করেছেন, ‘জওয়ান’ এবং দক্ষিণি ছবি ‘পেরারাসু’র গল্প নাকি হুবহু এক।
এর আগেও গল্প চুরির অভিযোগ উঠেছিল অ্যাটলির বিরুদ্ধে। তাই মণিকমের এই অভিযোগ খতিয়ে দেখবে ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিলের বোর্ড সদস্যরা। আগামী ৭ নভেম্বর জানা যাবে আসল সত্যি।
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। ছবির গল্প ঠিক কী, তা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানাও যায়নি এ পর্যন্ত। ২০০৬ সালে তামিল ছবি ‘পেরারাসু’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। সেই ছবিতে অভিনেতা বিজয়কান্তের দ্বৈত চরিত্র ছিল। যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শৈশবে আলাদা হয়ে গিয়েছিল দুই ভাই। পরবর্তী সময়ে কঠিন পরিস্থিতির স্বীকার হয়েছিল তারা। তাদের মধ্যে একজন আবার সিবিআই অফিসার।
/আরএসও