Dhaka Mail Logo

বিনোদন

জিম প্রশিক্ষকের সঙ্গে কী করছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

১৯ অক্টোবর ২০২২, ০১:২২ পিএম

দুর্গাপূজা কবেই মিটে গেছে। উৎসবের মৌসুম অবশ‍্য সবে শুরু। বাঙালির বারো মাসের তেরো পার্বণের অনেকগুলো এখনও বাকি। আর সেসব উৎসবে ঝলমলিয়ে ওঠার জন‍্য তৈরি হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ও। জিমে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি।

ফিগার ঠিক রাখতে তারকাদের জিম ছাড়া গতি নেই। কমবেশি প্রায় সবাইকেই কসরত করতেই হয়। অনেকেই সেসব ছবি, ভিডিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে। কিন্তু শ্রাবন্তীকে এমনটা করতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নিজেকে বদলানোর জন‍্য কড়া শপথ নিয়েছেন তিনি।

দুর্গাপূজার আগে থেকে নিয়মিত জিমে ঢুঁ মারতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। পূজা মিটলেও তিনি শরীরচর্চা থামাননি। দিনরাত এক করে স্লিম হওয়ার চেষ্টায় টলিউড ডিভা। সম্প্রতি নিজের ট্রেনারের সঙ্গে একটি শরীরচর্চা করার ভিডিও শেয়ার করেছেন নায়িকা।

কাঙ্ক্ষিত অবয়বে ফেরার জন‍্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শ্রাবন্তী। কখনও দৌড়াচ্ছেন, কখনও স্ট্রেচ করছেন, ট্রেনারের নির্দেশ মতো কসরত করে চলেছেন অভিনেত্রী। ক্লান্তি নেই, শুধু নিজের লক্ষ‍্যের দিকে চোখ রেখে পরিশ্রম করে চলেছেন। ফল মিলতে বাধ‍্য।

আসলে ‘অচেনা উত্তম’ ছবিতে অভিনয়ের সময়ে ওজন বাড়াতে হয়েছিল শ্রাবন্তীকে। তা নিয়ে কটূক্তিও কম শুনতে হয়নি তাকে। তাই এখন নিয়মিত শরীর চর্চা করে আবার আগের অবয়বে ফেরার চেষ্টা করছেন শ্রাবন্তী। তাতে ট্রোল হয় হোক, পাত্তা দেওয়ার পাত্রী নন তিনি।

সম্প্রতি একটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। বাথটাবের হালকা সবুজাভ পানিতে ছড়ানো ফুলের পাপড়ি। তাতেই নেমে পড়েছেন নায়িকা। কালো সিক‍্যুইনের থাই হাই স্লিট ড্রেস, মানানসই গয়নায় সেজে বাথটাবে শরীর ভিজিয়েছেন। নানান পোজে দুটি ছবি তুলেছেন। মায়াবী আলোয় আরও মোহময়ী হয়ে উঠেছেন তিনি। দেখে হতভম্ব নেটিজেনরা। হৃদয় আর আগুনের ইমোজিতে ভরা মন্তব্যের ঘর। একজন আবার মজা করে লিখেছেন— খেলা হবে।

/আরএসও