images

বিনোদন

‘বেলা বোসের জন্য’ মামলা খেলেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১ পিএম

চাকরি পেলেও বেলা বোসকে পাননি অঞ্জন দত্ত। শ্রোতাদের অনেকের মনে ধারণাটি গেঁথে গেলেও বেলা বোস মূলত একটি গান। তবে হ্যাঁ, এই ‘বেলা বোস’ গানটিই সীমানার ব্যারিকেড ভেঙে অঞ্জনকে এনে দিয়েছে আকাশ সমান খ্যাতি। এবার বেলা বোসের জন্য মামলা খেলেন এই গায়ক।

একাধারে সংগীতজ্ঞ ও নির্মাতা অঞ্জন ‘বেলা বোসের জন্য’ নামে একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন টলিউডের প্রযোজক রানা সরকার। লগ্নিও করেছিলেন তিনি। গত বছর এভাবেই তারা বেলা বোসকে রূপালি পর্দায় উপস্থাপন করতে এক হন।

কিন্তু ছবির কাজ গুছিয়ে আনার পর সিনেমাটির প্রজেক্ট বাতিল করেন অঞ্জন। গুঞ্জন ওঠে অন্য প্রযোজক জুটিয়েছেন তিনি। এতেই ক্ষেপেছেন এ প্রযোজক। চুক্তিভঙ্গের অভিযোগ এনে অঞ্জনের নামে মামলা করেছেন তিনি।

এ প্রসঙ্গে অঞ্জন দত্ত কোনো মন্তব্য না করলেও ভারতীয় সংবাদমাধ্যমকে নিজের বক্তব্য দিয়েছেন রানা। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমার সঙ্গে অঞ্জন দত্তের মোটামুটি পাকা কথা হয়েছিল। এমনকি আমার থেকে ছবিটির জন্য অগ্রিমও নেন অঞ্জন দত্ত। পরে হঠাৎ করে একদিন আমার সঙ্গে সিনেমা নির্মাণের পরিকল্পনা বাতিল করেন তিনি। আমি এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি।’

তবে অঞ্জনের নামে হুট করেই মামলা দেননি রানা। তাকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমে আমি তাকে উকিল নোটিশ পাঠাই। কিন্তু এতে তিনি সাড়া না দিলে আমি মামলাটি করি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ছবিটি নির্মাণে স্থগিতাদেশ দিয়েছে অলিপুর আদালত। তিনি অন্য কোনো প্রযোজক নিয়ে এই ছবি বানাতে পারবেন না। সেইসঙ্গে আমাকে ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লাখ রুপি দিতে হবে।’

এসময় ক্ষতিপূরণ না দিলে অঞ্জনের নামে ফের মামলা দেবেন বলে জানান রানা সরকার। তার কথায় বোঝা যায়, সহজে এই গায়কের প্রতি রাগ মিটবে না তার।

আরআর