Dhaka Mail Logo

বিনোদন

ডা. এজাজুল ইসলাম মানুষ না, অভিনেতাকে নিয়ে রোগীর স্বজনের দীর্ঘ পোস্ট

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

গরীবের ডাক্তার হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক এই বিভাগীয় প্রধান গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন। দুর্মূল্যের বাজারেও ফি বাড়াননি। মাত্র ৩০০ টাকার বিনিময়ে রোগী দেখেন তিনি।

ডা. এজাজকে দিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করিয়েছেন ইলিয়াস মৃধা নামের এক ব্যক্তি। অভিনেতার রোগী দেখার ধরণ, চেম্বারের পরিবেশে বেশ সন্তুষ্ট তিনি। এজাজের দেখা পেতে দীর্ঘ অপেক্ষার কথাও উল্লেখ করেছেন তিনি। সেসব অভিজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে।

পোস্টের শুরুতেই ইলিয়াস মৃধা লেখেন, ‘ডা. এজাজুল ইসলাম কোনো মানুষ না! আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম জয়দেবপুর তাঁর চেম্বারে। মাইগ্রেন। সিরিয়াল ৬২। সন্ধ্যা ৬ টায় থাকার কথা। ১ ঘণ্টা দেরিতে গিয়ে দেখি ৩৫ চলছে। ভাবলাম ৩০ জন পেছনেই তো! ১ ঘণ্টায় শেষ হয়ে যাবে। ফাঁকে দুই জনে কফি-টফি খেয়ে ৮টায় পৌছে দেখি সিরিয়াল ৪২ চলছে! অবাক হলাম! ১ ঘণ্টায় মাত্র ৭ জন দেখেছেন!’ 

এ সময় এজাজকে নিয়ে বিরূপ ধারণা জন্মায় ইলিয়াসের। ভাবতে থাকেন রোগী না দেখে অন্য করছেন হয়তো। তার কথায়, ‘নিশ্চয় তিনি ভেতরে মোবাইলে নাটক-ফাটক দেখছেন আর রোগী দেখছেন (সত্যিই আমার তাই বোধ হচ্ছিল)। আজকের দিনে যেখানেই যাই, যে যত বড় বিশেষজ্ঞই হোক ঘণ্টায় ১৫ থেকে ২৫ জন রোগী দেখেনই। আমার রাগ হচ্ছিল, তিনি ভেতরে করেনটা কী! অপেক্ষা করছিলাম, ভেতরে ঢুকে কিছু বলব। সিরিয়াল যখন পেলাম তখন রাত ১১টা! আমি উত্তেজিত ছিলাম।’ 

তবে অভিনেতার চেম্বারে প্রবেশ করতেই ধারণা বদলে যায় ইলিয়াসের। তিনি লেখেন, ‘কিন্তু ভেতরে ঢুকে চমকে গেলাম। মুখে মৃদু হাসি নিয়ে তিনি ঋষির মতো বসেছিলেন পুরনো কাঠের চেয়ারে। মাথা তুলে তাকালেন। শরীর সায় দিচ্ছে না, তবুও চেহারায় কোনো ক্লান্তি নেই। আগে আমাদের দুজনকে খুঁটিয়ে দেখলেন। বসতে বলে খুব ধীরে বললেন, কী সমস্যা আপনার বলুন। আর... আর... আর... আর...। নিজেই প্রেশার মাপলেন— বোধকরি খরচ বাঁচাতে তিনি আলাদা এ কাজে কাউকে রাখেননি। খুব ধীর-স্থিরভাবে ওষুধ লিখছেন। আমি পকেটে হাত রেখে টাকার পুরুত্ব মাপছিলাম। আমি নিশ্চিত ছিলাম— মাথার সিটি স্ক্যান পরীক্ষা দেবেনই, অপ্রয়োজনীয় রক্তের পরীক্ষা দেবেন, যেটা তাঁর পছন্দসই ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হবে। বলবেন— কালকে এই টেস্ট গুলো করে নিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি। এজন্যই তিনি একবার আমার লেবাস দেখছেন, আবার তার।’ 

এরপর লেখেন, ‘খুব ভেবে লিখে একটা সাদামাটা প্রেসক্রিপশন স্ত্রীর হাতে দিয়ে বললেন, দুটি ওষুধ দুই মাস খাবেন, ভালো হয়ে যাবেন! আমি প্রেসক্রিপশন হাতে নিয়ে অবাক! সেখানে কোনো টেস্ট দেননি! আমি কী ভেবে সালাম দিয়ে চলে আসলাম। তাঁর দরজা পার হয়ে, কম্পাউন্ড পার হয়ে চলে আসব এইক্ষণে মনে হলো— আরে! আমি তো ফি দিইনি। বুঝলাম এখানে ফির জন্য কেউ আটকায় না! মাত্র ৩০০ টাকাই তো!’ 

এজাজের চেম্বারের পরিবেশ বর্ণনা করে তিনি লেখেন, ‘তাঁর অফিসের কর্মচারীদের চেহারা- পোশাক দেখে মনে হয় যেন কোনো মঙ্গাপীড়িত এলাকার মানুষ। অফিসে বাহুল্য প্রাচুর্য নেই। কিন্তু প্রত্যেকে কী আন্তরিক, মানবিক! সারদিন ১০০ রোগী দেখে ভিজিট পান ত্রিশ হাজার, যেটা চাইলে তিনি কয়েক লাখে নিতে পারতেন। হাত বাড়ালেই লাখ টাকার লোভ কত অবলীলায় তিনি প্রত্যাখান করতে পারেন! এমন পুরনো রোগের ওষুধ মাত্র ৯০ টাকায় সারবে (সারছেও)— আর কে জানে! সব ভেবে শ্রদ্ধায়, ভালোবাসায় আমার মাথা নুয়ে এলো।’

সবশেষে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, ‘‘ফিরতি পথে বাসে বসে ভেবে ভেবে আমার কাঁদতে ইচ্ছে করছিল। আজকের দিনে ‘সব আমার চাই' এর সময়েও এমন নিরহংকারী, নির্লোভী মানুষ আছে? সফেদ পোশাকে মোড়ানো ঋষির মতো বসে থাকা মানুষটা ঠিক মানুষ নয় অন্য মানুষ।’’ এ সময় ডা. এজাজকে ‘দেবদূত’ বলে সম্বোধন করেন রোগীর স্বজন। মন্তব্যের ঘরেও অনেকে অভিনেতার চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরআর