বিনোদন প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
নিজের প্রথম সিনেমার জন্য মধ্যবিত্ত পরিবারের ভ্রমণের গল্প বেছে নিয়েছেন কাজী আসাদ। সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন–অঘটন নিয়ে নির্মাণ করছেন ‘যাত্রা বিরতি’। আজ রোববার শুটিংয়ের এগারোতম দিনে প্রকাশ করেছেন ছবি।
পুরনো জমিদার বাড়ির সামনে বসেছে সেট। দেখা যাচ্ছে আর্টিস্ট ও কলাকুশলীদের। প্রার্থনা ফারদিন দীঘির চুল পরিপাটিতে ব্যস্ত একজন। অভিনেত্রীকে কিছু একটা বলছেন সহশিল্পী রাকিব হোসেন ইভন। পেছনে রোদ চশমায় চোখ ঢাকা পরিচালক। দেখেই বোঝা যাচ্ছে চারদিকে সজাগ দৃষ্টি তার।
কাজী আসাদ জানালেন, বড়পর্দার জন্য প্রথম নির্মাণের অভিজ্ঞতা দারুণ। ঢাকা মেইলকে বললেন, ‘শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো। শিল্পীরা খুব ভালো করছেন। সব মিলিয়ে সুন্দরভাবে কাজ চলছে।’
কয়েক প্রজন্মের শিল্পী রয়েছে ‘যাত্রা বিরতি’তে। তাদের নিয়ে কাজের অভিজ্ঞতাও জনালেন। বললেন, ‘কয়েক প্রজন্মের শিল্পী নিয়ে কাজ করতে গিয়ে ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। গল্পের প্রয়োজনেই তাদের নেওয়া। অনেক ভালো ও সেরা শিল্পীদের আমরা এক করেছি। সবাই খুব মন দিয়ে কাজ করছেন। আশা করি ভালো কিছু হবে।’
কুয়াকাটাসহ বরিশালের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। টানা কাজ চলবে। ডিসেম্বরের মাঝামাঝিতে ক্যামেরা লাইট বন্ধ হবে বলে জানালেন নির্মাতা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার সিনেমায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সঙ্গে তার অসংখ্য নাটকের সহশিল্পী মোশাররফ করিম। আছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানও।
‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।
আরআর