বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
স্পাই থ্রিলার ‘ধুরন্ধরে’র সাফল্যের পর রণবীর ব্যস্ত জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়ে। ভক্তদেরও আগ্রহ ছিল তুঙ্গে। এই যখন অবস্থা তখন ফাঁস হলো ছবির শুটিংয়ের মুহূর্ত। আলো আধারিতে কালো পোশাক, লম্বা চুল, গাল ভর্তি দাড়িতে প্রলয়’-এর রণবীরে যেন ‘ধুরন্ধরে’রই ছায়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘ধুরন্ধরে’র রণবীরকে দেখা গেছে আপাদমস্তক কালো পোশাকে। প্রলয়ের ফাঁস হওয়া মুহূর্তেও তেমন। যদিও তাতে নেটিজেনদের আগ্রহ কমেনি। বরং এক ঝলক দেখে প্রলয়ের রণবীরকে পর্দায় দেখতে মুখিয়ে তারা।

এদিকে লুক ফাঁস হতেই বড় পদক্ষেপ প্রযোজনা সংস্থার। সামনে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য নড়েচড়ে বসেছেন নির্মাতারা। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। রণবীরের লুক যাতে কোনোভাবে আর বাইরে না আসে সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রযোজনা সংস্থা।
সূত্রের দাবি, “নির্মাতারা চান দর্শক বড় পর্দায় ছবিটি উপভোগ করুক, ফাঁস হওয়া ভিডিও বা ক্লিপের মাধ্যমে নয়। বোরিভলির সেটটি সম্পূর্ণভাবে ঘেরা একটি শুটিং ইউনিটে পরিণত করা হয়েছে। প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি রয়েছে। গত সপ্তাহে আমরা জম্বিদের নিয়ে বড় মাপের দৃশ্যগুলোর শুটিং করেছি। এই দৃশ্যগুলোর প্রস্তুতি এবং বিশেষ কারিগরি কাজের কথা মাথায় রেখে সকলের নজর থেকে দূরে রাখাটা জরুরি ছিল।”

‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। বিরলা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মস যৌথভাবে প্রযোজনা করছে। সিনেমাটিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। মুম্বাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প।
আরআর