বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে।
ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো গত ২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি।
ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসর চলাকালে। উৎসবের ‘হরাইজনস’ বিভাগে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। প্রদর্শনী শেষে লিদো দ্বীপ থেকে ভেনিসের মেস্ত্রে এলাকায় নিজের ভাইয়ের বাসায় ফেরেন তিনি। পরে ভাই, ভাবি ও ছোট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হলে একদল বাংলাদেশি তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ জন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে অশালীন মন্তব্য করেন এবং হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁর দিকে ডিম ছুড়ে মারা হয়। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলা থেকে বাঁধনকে রক্ষা করতে তাঁর ভাই ও ভাবি চেষ্টা করেন। ঘটনার সময় বাঁধন নিজেও হামলাকারীদের শনাক্ত করতে তাঁদের ভিডিও ধারণ করে রাখেন। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতালির পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের বিশেষ তদন্ত শাখা ডিআইজিওএস ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালায়।
এ ঘটনায় ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার নামে তিন বাংলাদেশিকে ভেনিসের পুলিশ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদের সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে জিজ্ঞাসাবাদের সময় তাঁদের ব্যবহৃত মুঠোফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইল গাজ্জেত্তিনোর প্রতিবেদন থেকে জানা গেছে, তিন বাংলাদেশিকে তদন্তের আওতায় আনার পাশাপাশি তাঁদের বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়। তদন্তের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও জানানো হয়েছে।
ইএইচ/