বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
প্রায় এক দশকের পথচলা। বেশকিছু গান লুফে নিয়েছিলেন শ্রোতারা। তবুও পথচলা থেমে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভের। আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও গায়ক সিনা হাসান। সামজিক মাধ্যমে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
আজ শনিবার নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্টে সিনা লেখেন, ‘‘সবকিছুরই একটা জার্নি থাকে। বাংলা ফাইভ ব্যান্ডেরও একটা জার্নি আছে। সিনা হাসানের ‘লাস্টবেঞ্চ’ অ্যালবামের রেকর্ডিংয়ের পর থেকে, বলা যায় ২০১৫/২০১৬ সাল থেকে ‘বাংলা ফাইভ’ নামে লাইভ পারফর্ম করা শুরু করি। একে একে কনফিউশন (২০১৯), লুকিয়ে থাকার সময় (২০২২) সহ বেশ কিছু সিঙ্গেল গান করেছি।’’
এরপর লেখেন, ‘বিশেষ করে ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০— এই চার বছর আমরা বাংলাদেশের নানা জায়গায় শো করেছি। চেষ্টা করেও পুরো বাংলাদেশ কভার করতে পারিনি। তখন ব্যান্ডের সংখ্যা ও পরিসরও তুলনামূলকভাবে কম ছিল। পেয়েছি অগণিত মিডিয়া কাভারেজ। সে সময়ে আর কোনো নতুন ব্যান্ড এতটা মিডিয়া কাভারেজ পেয়েছে কি না, জানা নেই।’
সিনার কথায়, ‘কনফিউশন-এর অর্জন, সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে) গানটির এতো এতো ভিউ, বাংলা ব্যান্ডের গান হিসেবে টিকটকে সর্বাধিক ব্যবহৃত গানগুলোর একটি হয়ে ওঠা, বিভিন্ন অর্জন, সবকিছুই আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে। আমাদের অনেক শো ক্যান্সেল হয়। ভারত ও নেপালে শো ক্যান্সেল হয়।’
ব্যান্ডটির অন্যতম এ সদস্য বলেন, ‘কোভিডের পর আমরা ধীরে ধীরে আড়ালে চলে যাই। ২০২২ সালে অনেকটা লুকিয়ে লুকিয়েই প্রকাশ করি লুকিয়ে থাকার সময়। কোনো মিডিয়া অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এমনি ছেড়ে দিয়েছি। আমরা সচেতনভাবেই কোথাও ব্যান্ড ইন্টারভিউ দিইনি। ২০২১ সালের সহিংসতাবিরোধী কনসার্টের মাধ্যমে আবারও কোভিডের বাধা ভেঙে শো শুরু করি। ২০২৩ সাল পর্যন্ত টুকটাক পারফরম্যান্সের ধারাটাও বেশ ভালো ছিল।’
এরপর লেখেন, ‘দেশে সবচেয়ে বেশি শো করেছি উত্তরবঙ্গে। ভারতের কৃষ্ণনগরে, যেখানে পলাশীর প্রান্তর অবস্থিত, কিংবা পাটুলি মেলার মাঠে একই মঞ্চে পারফর্ম করার সৌভাগ্য হয়েছে যেমন মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস (বাপী দা), এছাড়াও শিলাজিৎ দা-সহ আরও অনেক শিল্পীর সঙ্গে। ছোট হোক কিংবা বড়, মানুষের মাঝে গান গাওয়ার চেষ্টা করেছি সবসময়।’
ব্যান্ডের পথচলা থামানোর কারণ উল্লেখ করে সিনা লিখেছেন, ‘এতদিনের এই যাত্রায় যাঁদের পাশে পেয়েছি, সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাতে চাই। নাম নিলে শেষ হবে না। আমরা মনে করি, আমাদের যাত্রায় এবার ইতি টানার সময় হয়েছে। গত দুই বছরের পারফরম্যান্স এবং অডিয়েন্স এনগেজমেন্ট, কোনো কিছু নিয়েই আমরা নিজেরা সন্তুষ্ট নই। সুতরাং এই মর্মে জানাচ্ছি যে- আমরা বড়জোর আর ছয় মাস সক্রিয় থাকব। এরপর বাংলা ফাইভকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেব। এরপর ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।’
সবশেষে সিনা জানান আগামী ছয় মাসে আগামী ছয় মাসে বেছে বেছে সর্বোচ্চ ৫-৭টি শো করবেন তারা। শেষবারের মতো বাংলা ফাইভ শুনতে আগ্রহীদের যোগাযোগ করতে বলেন তিনি।
আরআর