বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
চার বছরের পথচলায় দেশীয় ও আন্তর্জাতিক কনটেন্ট, অরিজিনাল ফিল্ম, ডাবড সিরিজ, মেগা সিরিজ ও রিয়েলিটি শোসহ নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের বিনোদনের নতুন অভিজ্ঞতা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। আজ ২৮ নভেম্বর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘চমকের ৪’শ্লোগানে আরও বড় পরিসরে নতুন গল্প, নতুন ফরম্যাট ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানাচ্ছে প্ল্যাটফর্মটি।
আগামী দিনে দীপ্ত প্লেতে আসছে নতুন ধারার অরিজিনাল ফোক মাইক্রো ড্রামা -‘বেহুলা লখিন্দর’, ‘কাজলরেখা’ ও ‘বনবিবি’। যা গ্রামবাংলার লোকজ গল্পকে নতুনভাবে উপস্থাপন করবে। পাশাপাশি শর্ট স্টোরি সিরিজ ‘রঙের পরম্পরা’, ডাবড সিরিজ ‘রাশ ইন টু ডেঞ্জার’ ও ‘মেরিয়াম’ এবং নতুন মেগা সিরিজ ‘এআই জুনিয়র’, ‘বিজলি রবিনহুড’ ও ‘উপজেলা এমবিবিএস’ দর্শকদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী গল্পের আয়োজন।
এছাড়া বছরজুড়ে মুক্তি পাবে অরিজিনাল সিনেড্রামা-‘কবুল মোবারক’, ‘পালাবে কোথায়’ ও ‘তোমার আমার গল্প’। নতুন এই আয়োজনের মাধ্যমে গল্প বলার ভিন্নতা, আধুনিক কনটেন্ট ফরম্যাট ও দর্শকের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিনোদনের জগৎ আরও সমৃদ্ধ করতে চায় দীপ্ত প্লে। চার বছরের এই যাত্রায় পাঁচ কোটিরও বেশি কন্টেন্ট ভিউ, ছয় মিলিয়ন ঘণ্টার ওয়াচ টাইম, দশ লাখের বেশি অ্যাপ ডাউনলোড এবং একশোরও বেশি ব্র্যান্ড পার্টনার অর্জন করেছে প্ল্যাটফর্মটি।
দীপ্ত প্লের প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মোহাম্মদ আবু নাসিম বলেন, দর্শকদের ভালোবাসা ও আস্থাই আমাদের চার বছরের পথচলার সবচেয়ে বড় অর্জন। আমরা সবসময় চেষ্টা করেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন গল্প ও ভিন্নধর্মী বিনোদন দর্শকদের সামনে তুলে ধরতে। আগামী দিনেও নতুন ফরম্যাট, মৌলিক কনটেন্ট ও বৈচিত্র্যময় আয়োজনে দীপ্ত প্লেকে আরও সমৃদ্ধ করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে গত চার বছরের পথচলায় আমাদের দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আরআর