বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
নেটফ্লিক্সে মুক্তির আগেই আইনি বিতর্কে জড়াল সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র। আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ শিরোনামের এই ডকুমেন্টারির। ওটিটিতে মুক্তি বন্ধে নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুকেশের আইনজীবী। তাঁর অভিযোগ, সুকেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তথ্যচিত্রটি প্রকাশিত হলে তাঁর ন্যায়বিচার পাওয়ায় নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ নভেম্বর আইনজীবী অনন্ত মালিক নেটফ্লিক্স ও ইন্ডিয়া টুডে গ্রুপের কাছে আইনি নোটিশ পাঠান। সেখানে তথ্যচিত্রটির মুক্তি পিছিয়ে দেওয়াসহ ট্রেলার ও প্রচারমূলক ছবি ও ভিডিও প্রকাশ স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। সুকেশের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে প্রসিকিউশনের সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ না করার নিশ্চয়তা চেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অনন্ত মালিক বলেন, ‘আদালত রায় দেওয়ার আগেই আপনি স্ট্রিমিং প্ল্যাটফর্মে একটি রায় দেখাতে পারেন না। কেননা তথ্যচিত্রে এমন কিছু অভিযোগ ও ঘটনার বিবরণ তুলে ধরা হতে পারে, যেগুলো আদালতে এখনও প্রমাণিত হয়নি। ফলে সেগুলো দর্শকের কাছে সত্য হিসেবে মনে হতে পারে।’
তথ্যচিত্রটি প্রকাশের আগে তাঁর আইনিজীবীদের পুরো সিনেমাটি দেখানোর দাবি জানিয়েছেন সুকেশ। পাশাপাশি নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করতে হবে। বিশেষ করে কোনো তদন্তকারী কর্মকর্তা এতে বক্তব্য দিয়েছেন কি না সেটিও জানতে চেয়েছেন তাঁর আইনজীবী।
সুকেশের আইনজীবীর অভিযোগ, তথ্যচিত্র নির্মাতারা তাঁর মক্কেলের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেননি। আইনজীবী অনন্ত মালিক স্পষ্ট করেছেন, তিনি তথ্যচিত্র নির্মাণের বিরোধিতা করছেন না। তিনি মনে করেন, বিচার চলাকালে তথ্যচিত্রটি প্রকাশ হলে বিচারকে প্রভাবিত করতে পারে। এ প্রসঙ্গে আইনজীবী বলেন, ‘কয়েক মাস পর চলচ্চিত্রটি মুক্তি পেলে তার কিছু হারানোর নেই। কিন্তু একটি বিচারপ্রক্রিয়া দুবার পরিচালনা করা যায় না।’
আইনি নোটিশে দাবি পূরণ না হলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন সুকেশের আইনজীবী। তাঁদের দাবি, বিচারাধীন অভিযোগগুলোকে অপরাধ প্রমাণিত হয়েছে বলে প্রচার করা উচিত নয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইনি নোটিশের জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর পর্যন্ত নেটফ্লিক্স কিংবা তথ্যচিত্র নির্মাতাদের পক্ষ থেকে নোটিশের বিষয়ে আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
ভারতের একাধিক আলোচিত প্রতারণা, চাঁদাবাজি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান র্যানব্যাক্সির কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তদন্তকারী সংস্থার অভিযোগ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সুকেশ অদিতির সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর তাঁর স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে সাহায্য করার আশ্বাস দিয়ে বিপুল অর্থ হাতিয় নেন।
এ ছাড়া বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির সঙ্গে সুকেশের যোগাযোগের খবর চাইর হলে ব্যপক আলোচনার জন্ম দিয়েছিল।
‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ তথ্যচিত্র পরিচালনা করেছেন মৌমিতা সেন ও নিয়ান্থা শেখর। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন চাঁদনি আহলাওয়াত। নেটফ্লিক্স জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে গবেষণার পর তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।
ইএইচ/