বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা।
শুকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আহা শুকু আপা— এ কেমন বিদায়? কয়েকদিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনোদিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। পরপারে চির শান্তিতে থাকুন শুকু আপা। মাতিয়া বানু শুকু আমার চারুকলার বড়বোন, নাট্যকার ও নির্মাতা।’
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
ইএইচ/