বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
তৃতীয় সংসারও ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন গায়িকা নিজেই।
পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী ও আমি নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তবে এবার দুজনেরই আলাদাভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
পোস্টে ন্যান্সি তাঁর শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান এবং গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যান্সি বলেন, জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি আশাবাদী। জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সঙ্গী করে আমিও নতুনভাবে পথচলা শুরু করতে চাই।
সবশেষে লিখেছেন, দীর্ঘদিন ধরে যাঁরা আমার পাশে ছিলেন, ভালোবেসেছেন এবং সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের সময়ে সবার ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা প্রত্যাশা করছি।
দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।