Dhaka Mail Logo

বিনোদন

আসছে ‘ফোর্স ৩’, কোন চরিত্রে দেখা যাবে নোরা ফাতেহিকে

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

দীর্ঘ ছয় বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি। জনের আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘ফোর্স ৩’-এ আইটামে গানে কোমর দোলাবেন অভিনেত্রী। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অ্যাকশন ঘরানার ছবির দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে গানটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতারা। জমকালো সেট ও ব্যতিক্রমী কোরিওগ্রাফির মাধ্যমে দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল চমক উপহার দেওয়ার প্রস্তুতি চলছে।

পর্দায় জন ও নোরার রসায়ন বরাবরই দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। ২০১৮ সালে জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে পারফর্ম করে রাতারাতি আলোচনায় আসেন নোরা। এরপর ২০১৯ সালে ‘বাটলা হাউস’ ছবির ‘ও সাকি সাকি’ এবং সর্বশেষ ২০২১ সালে ‘সত্যমেব জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানে জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁদের প্রতিটি গানই চার্টবাস্টারে জায়গা করে নিয়েছিল।

২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’। সিরিজের তৃতীয় কিস্তিতে জন আব্রাহাম আবারও তাঁর জনপ্রিয় চরিত্র ‘এসিপি যশবর্ধন সিং’-এর ভূমিকায় ফিরছেন। ছবিতে জনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। বর্তমানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’।

ইএইচ/