Dhaka Mail Logo

বিনোদন

গ্যাংস্টারের ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির খান? 

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

সম্প্রতি কয়েক দফায় বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। হামলা করতে চাওয়া হয়েছে দিলজিতের কনসার্টেও। টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার রেশও যায়নি। এমন মুহূর্তে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন আমির খান। এরপর থেকেই গুঞ্জন, গ্যাংস্টারের ভয়ে বাড়ি ছেড়েছেন আমির। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গৌরী স্প্র্যাটকে নিয়ে কোলাবার নিভৃত ফ্ল্যাটে উঠতেই গুঞ্জন ডানা মেলেছে বি-টাউনে। অনেকের ধারণা গ্যাংস্টারদের থেকে নিরাপদ থাকতেই বাড়ি ছেড়েছেন আমির। 

তবে এরইমধ্যে জানা গেছে বাড়ি বদলের আসল কারণ। ঘনিষ্ঠ সূত্রে খবর, আমির আসলে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেকারণেই হোমওয়ার্কের সুবিধের জন্য স্ত্রী গৌরীকে নিয়ে কোলাবার নতুন ফ্ল্যাটে উঠেছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ যে বরাবরই কোনো সিনেমা বা চরিত্র নিয়ে খুঁতখুঁতে কিংবা হোমওয়ার্কের ক্ষেত্রে কোনো কসরত বাকি রাখেন না, সে কথা ঘনিষ্ঠমহলের ভালোই জানা। 

বক্স অফিস গ্রাফ যাই হোক না কেন, আমির সিনেমা শুরু করার আগে নিজেকে সেই চরিত্রে ডুবিয়ে দেন। এবারও সেকারণেই নিজেকে নিভৃতে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু কোন ছবির জন্য এত কড়া কসরত করছেন আমির খান? কৌতূহল অমূলক নয়।

জানা গেছে, ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন আমির। ‘ললকারা’ নামের ছবিটির মাধ্যমে ‘লগান’-এর পর ফের একবার আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেতা। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে এতটাই মনযোগী যে বাড়ি-ই ছেড়েছেন। 

আরআর