Dhaka Mail Logo

বিনোদন

মোশাররফ করিম-সুমাইয়া শিমু এবার সিনেমায়, চিন্তিত দীঘি 

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি কান্না দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণ সঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, দিঘী আর দিলারা জামান সহ সবার প্রিয় অনেকে। চরকি প্রযোজনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’ পরিচালনায় কাজী আসাদ। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে সম্প্রতি চুক্তিপত্র সম্পন্নের আসরে হয়ে গেল একটু হাসি ঠাট্টা আড্ডাবাজিও।  
 
আগামী বছর (২০২৭) ঈদে চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায়। চরকি প্রযোজিত সিনেমাটি শুটিংয়ের জন্য এরইমধ্যে কুয়াকাটা অবস্থান করছে পুরো ইউনিট। ‘যাত্রা বিরতি’ সিনেমায় মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। 
 
ভ্রমণের আনন্দ এমনই যে, আটকে রাখা যায়নি চুরাশি বছর বয়সী দিলারা জামানকে। শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেড়াবেন, তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দ করবেন, ভালো সময় কাটাবেন– এই তার বাসনা। ’তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’ বলেন দিলারা জামান।
 
নাটকের জনপ্রিয় জুটি মোশাররফ করিম–সুমাইয়া শিমু ’যাত্রা বিরতি’ দিয়ে ফিরছেন বড় পর্দায়। আগের কাজগুলোতে এই জুটির রসায়ন যেকোনো অনুভূতিকেই নিয়ে গেছে দর্শকদের হৃদয়ের কাছাকাছি। ’যাত্রা বিরতি’ সিনেমার অনুভূতিও দর্শকদের আবেগি করে তুলবে এ জুটির রসায়ন, মনে করেন নির্মাতা।
 

নির্মাতা Jatra_Biroti_2কাজী আসাদ বলেন, ’উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’ ’যাত্রা বিরতি’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দার জন্য নির্মাণ করছেন কাজী আসাদ।
 
’যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে  সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। এ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে সহশিল্পীরাও ভূমিকা রেখেছেন বলে জানান এ অভিনেত্রী। শিমু বলেন, ’স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

মোশাররফ করিম বলেন, ’সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
 
একটু চিন্তায় আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলার জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে কাজ করেননি কখনও। দীঘি বলেন, ’মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’
 Jatra_Biroti_8

রাকিব হোসেন ইভন–এরও একই কথা, ’গল্পটা দারুণ। এই গল্পে কাজ না করার কোনো কারণ নেই। শুটিং শুরু হচ্ছে শিগগিরই। ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষা করছি।’

‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। কুয়াকাটাসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত । 

আরআর