Dhaka Mail Logo

বিনোদন

‎ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান 

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

‎অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
‎
‎এর আগে সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।‎
‎
‎মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
‎
‎নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।