Dhaka Mail Logo

বিনোদন

ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী ৯ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান তুলে দেওয়া হবে। এছাড়াও বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে দেওয়া হবে সম্মানসূচক ডি.এসসি। তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

মিঠুনের অভিনয়জীবন শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্র দিয়ে। পরে হিন্দি সিনেমাতে নিজের জায়গা তৈরি করেন নেন তিনি। পাঁচ দশকের বেশি সময় ধরে দুই ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ‘মৃগয়া’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘অগ্নিপথ’ ও ‘তাহাদের কথা’। অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

২০২৪ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন মিঠুন। একই বছর ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট তাঁর অর্জনের তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এর আগেও অনেক বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডি.লিট দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, অ্যাথলেট স্বপ্না বর্মণ ও চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।

এবারের সমাবর্তনে শুধু বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোই নয়, শিক্ষার্থীদের জন্যও থাকবে বিশেষ আয়োজন। স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ডিগ্রি ও সনদপত্র। 

ইএইচ/