বিনোদন প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাঈদুর রহমান পাভেলের। অপত্তিকর ভিডিও ভাইরালের রেশ কাটতে না কাটতে এবার অভিনেতার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। রোববার মধ্যরাতে পাভেলের বাসার সামনে এক সংবাদ সম্মেলনে পরিচালক অভিযোগ করেন, বারবার শুটিং পেছানোর ফলে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে ক্ষতিপূরণ ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তিনি।
নির্মাতা জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেন তিনি। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পাভেল। ১৫ তারিখে প্রথম পর্বের বিয়ের সেটের শুটিংয়ে ১৫ জন সিনিয়র কাস্টিং ও ইনফ্লুয়েন্সারসহ পুরো টিম উপস্থিত থাকলেও পাভেল সেদিন যাননি। পরবর্তীতে ফ্যামিলি ক্রাইসিসের কথা বলে ক্ষমা চাইলে তাকে ছাড় দেওয়া হয়। ড্যামারেজ নেওয়া হয়নি। ওই একই সেটে কয়েকদিন পর পাভেল দুই দিন টানা শুটিং করলেও আজ (শনিবার) আবারও তিনি অনুপস্থিত থাকেন।
সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে তিনি কখনও এমন পরিস্থিতিতে পড়েননি। এমনকি সংবাদ সম্মেলন করার মতো ঘটনা ঘটেনি। মাত্র দুই দিনের অনুপস্থিতিতে সেট ও আর্টিস্ট বাবদ প্রায় ৮–৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারাবাহিকের কন্টিনিউটি নষ্ট হওয়ায় পুরো প্রজেক্টে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এক পর্বে নয়, বরং প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বে পাভেলের সিন থাকায় পুরো অংশ আবার রিশুট করতে হবে। যা সিঙ্গেল নাটকের মতো সহজে ম্যানেজ করা সম্ভব নয় বলে জানান তিনি।
নির্মাতার দাবি, সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত প্রায় ১০০ বারের বেশি ফোন করা হলেও পাভেল ফোন ধরেননি। এমনকি তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সহকারী পরিচালক নূর সকাল থেকে বাসার সামনে অপেক্ষা করছিলেন এবং গাড়িও প্রস্তুত ছিল।
নির্ঝর বলেন, ‘আমরা সকাল থেকে এ পর্যন্ত আমি ১০০ বারের উপর কল দিয়েছি। সেট রেডি করে ভিডিও পাঠিয়েছি। সে কোনো উত্তর দেয়নি।’ তিনি আরও বলেন, ‘ফোন বন্ধ ছিল না, ফোন চালু ছিল, কিন্তু আমার ফোন ধরে নাই। সে অনলাইনে ছিল, আমার মেসেজ সিন হয়েছে আমার কাছে প্রমাণ আছে। তিনবার শিডিউল পরিবর্তন করে গল্পের মূল প্রোটাগনিস্ট হিসেবে পাভেলকে নিয়ে কাজ শুরু করা হয়েছিল। ১৫ জন সিনিয়র আর্টিস্ট কল টাইমের আগেই সেটে উপস্থিত থাকলেও পাভেল আসেননি। তার কারণে প্রায় ৬০ জনের একটি টিম রাত ১টায় বিপাকে পড়েছে।’
নির্মাতা যোগ করেন, ‘এটা অন্যায়, আমার পুরা টিম আজকে সারাদিন বসেছিল। একজন অভিনয়শিল্পীর জন্য এটা হতে পারে না। আমরা চাই সে সমস্ত ক্ষতিপূরণ দেবে এবং আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে।’
বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান নির্মাতা। ভবিষ্যতে পাভেলের সাথে আর কাজ করবেন না জানিয়ে নির্মাতা বলেন, ‘আমাকে যদি উনি বলে উনি এখন পীর, তবুও আমি কোনোদিন তার সঙ্গে কাজ করবো না। যদি সে শুটিংয়ের সব টাকা দিয়েও দেয় তারপরও করবো না। তার সঙ্গে আমরা কাজ করতে চাই না।’
অভিযোগের বিষয় জানতে যোগাযোগের চেষ্টা করলে পাভেলের ফোন বন্ধ পাওয়া গেছে।
ইএইচ/