বিনোদন ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
মুক্তির পর বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার। ছবিতে পৌরাণিক কাহিনি পরিবর্তন, রাবণকে মহিমান্বিত দেখানো এবং গুরুত্বপূর্ণ চরিত্র বাদ দেওয়ার অভিযোগে এর প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। একই সঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া ছাড়পত্র বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া অভিযোগ করেছেন, সিনেমাটিতে মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনি বিকৃত করা হয়েছে। ছবিতে এমন কিছু ঘটনা যুক্ত করা হয়েছে, যা মূল রামায়ণেও উল্লেখ নেই। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনা। তাঁর দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
বাগড়ার অভিযোগ, সিনেমায় অহল্যাকে উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং ভক্ত কেবটের নৌকায় রাম, সীতা ও লক্ষ্মণের গঙ্গা পার হওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা দেখানো হয়নি। অথচ এসব ঘটনা রামের জীবনের অংশ।
এ ছাড়া ঋষি-মুনিদের যজ্ঞ, সাধনা ও গুরুকুলের কাজে বাধা দেওয়া অসুরদের বিরুদ্ধে রামের সংগ্রামকেও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, সিনেমায় রামের যুদ্ধের প্রধান উদ্দেশ্য হিসেবে সীতাকে অপহরণের প্রতিশোধ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের আরও অভিযোগ, ছবিতে রাবণকে শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। সংগঠনটির মতে, রাবণ জ্ঞান ও শক্তির অধিকারী হলেও অহংকারের কারণে অন্যের ওপর অত্যাচার করেছিলেন।
শুধু বিশ্ব হিন্দু পরিষদ নয়, সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হিন্দু জনজাগৃতি সমিতিও। মুম্বাইয়ের দাদর রেলস্টেশন ও কোলহাপুরে বিক্ষোভ করেছেন সংগঠনটির সদস্যরা। তাঁদের দাবি, সিনেমার বিতর্কিত দৃশ্য ও সংলাপ বাদ দিতে হবে। পাশাপাশি ছবিটি নতুন করে পর্যালোচনার জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে।
ভবিষ্যতে রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমা মুক্তির আগে ধর্মীয় বিশেষজ্ঞ, রামায়ণ গবেষক ও সাধু-সন্তদের দেখানোর দাবিও তুলেছে সংগঠনটি।
উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন ও কাজল আগরওয়াল।