বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
নির্মাণ ও গল্প বলার ঢং দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন মাসরিকুল আলম। ইউটিউবে ভিউয়ের দিক থেকেও রাজত্ব করছে তার কাজ। এবার মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে তার নির্মিত নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’।
গল্পে দেখা যাবে, রাহুল তার বাবা সালাম সাহেবকে খুব ভয় পায়। বেকার, অকর্মা বলে প্রতিদিন তিরস্কার করে তাকে। এ অবস্থায় একদিন প্রেমিকা নিতুকে বিয়ে করে নিয়ে আসে রাহুল। কিন্তু বাবার ভয়ে বাসায় না ঢুকে নিতুকে দরজার বাইরে রেখে পালিয়ে যায়।
সে রাতে বৃষ্টি শুরু হয়। সালাম সাহেব দেখেন বাসার সামনে বধূ বেশে এক মেয়ে দাঁড়িয়ে ভিজছে। পরিচয় জানতে চাইলে মেয়েটি জানায়, সে রাহুলের স্ত্রী। সালাম সাহেব রেগে দরজা বন্ধ করে দেন।
নিতুর মামাতো বোনকে প্রাইভেট পড়াত রাহুল। সেখানে রাহুলের সাথে পরিচয়। এরপর প্রেম। এক দুর্ঘটনায় নিতুর বাবা-মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয় নিতু। অনিচ্ছাসত্ত্বেও মামা তার এক বন্ধুর ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চাইলে নিতু বাসা থেকে পালিয়ে রাহুলের কাছে আসে। সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে।
দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। রাহুলের বাবা তাকে বাসায় নিয়ে সেবা যত্ন করে। ছেলের বউ হিসেবে নিতুকে মেনে নেয়। তবে রাহুলকে শর্ত দেয় চাকরি পাওয়ার আগে সে বাসায় ঢুকতে পারবে না। এভাবেই এগিয়ে চলে গল্প।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন মাসরিকুল নিজেই।
আরআর