বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবারও সামনে এসেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত জিশান আখতারের নাম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফোনে অভিনেতাকে হুমকি দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
মহারাষ্ট্র সাংসদ বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি জিশান। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ ইয়াসিন আখতার। ভারতের পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে হামলাকারীদের সঙ্গে সমন্বয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের বাইরে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী। এই হত্যাকাণ্ডের তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তেও জিশান আখতারের নাম উঠে আসে। তবে হুমকির পেছনে সত্যিই জিশানের হাত রয়েছেন, নাকি কেউ তাঁর নাম ব্যবহার করেছেন তা জানতে কাজ করছে তদন্তকারীরা।
এর আগে ২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ। বাড়ির এক পরিচারিকার চিৎকার শুনে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীর মুখোমুখি হন অভিনেতা। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
হামলার ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। পুলিশের অভিযোগ ছিল, চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি।
ইএইচ/