Dhaka Mail Logo

বিনোদন

প্রেম ভাঙল অনন্যার! 

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, পরে বিচ্ছেদের খবরে সংবাদের শিরোনাম হয়েছিলেন। এবার সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ ৯’-এ এসে অনন্যা জানালেন, আপাতত সিঙ্গল আছেন তিনি। নিজের প্রেম, বিচ্ছেদ ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারের একপর্যায়ে অনন্যাকে মজা করে ব্রেকআপ চিক বলে সম্বোধন করেন তিনি। করণের ভাষ্য, শুক্রবার অনন্যার সম্পর্ক ভেঙে মন খারাপ হলে সোমবারের মধ্যে তিনি আবার স্বাভাবিক হয়ে যান।

image

করণের এমন মন্তব্য শুনে হেসে ওঠেন অনন্যা। তিনি বলেন, জীবনে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, তবে এতে লজ্জা পাওয়ার কিছু নেই। করণও মজা করে বলেন, অনন্যা নাকি প্রতিটি সম্পর্কে বিয়ে পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন দেখেন। তাঁর সাম্প্রতিক বিদেশি প্রেমিককে ঘিরেও বিয়ের ভাবনা তৈরি হয়েছিল বলে ইঙ্গিত দেন করণ।

তবে সম্পর্ক ভাঙলেও বিয়ের প্রতি বিশ্বাস হারাননি অনন্যা। অভিনেত্রীর ভাষ্য, ‘আমার মনে হয়, বিয়ে করার জন্যই আমার জন্ম হয়েছে। বিয়ের ধারণাটা আমার খুব ভালো লাগে। সারাজীবন একজন মানুষের সঙ্গে কাটানোর ভাবনাটা আমাকে আনন্দিত করে।’

image

তবে সামাজিক নিয়মের কথা ভেবে কোনো সম্পর্কে আটকে থাকার পক্ষপাতী নন অনন্যা। এ নিয়ে তিনি বলেন, ‘কোনো সম্পর্কে দুজন মানুষ যদি সুখী না থাকেন কিংবা নিজেদের সিদ্ধান্ত নিয়ে শতভাগ নিশ্চিত না হন, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।’

বর্তমান সম্পর্ক নিয়ে অনন্যা বলেন, ‘কখনও ভাবিনি এ কথাটা বলব, কিন্তু সত্যি বলতে আমি সিঙ্গল জীবন দারুণ উপভোগ করছি।’ অনন্যার বক্তব্য সামনে আসতেই আবারও আলোচনায় তাঁর ও ওয়াকার ব্লাঙ্কোর সম্পর্ক। ২০২৪ সাল থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সময় দুইজনকে ঘিরে নানা আলোচনা হলেও সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তাঁরা। চলতি বছরের আগস্টে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। তবে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেননি।

image

এখনই নতুন কোনো সম্পর্কে জড়ানোর তাড়া নেই অনন্যার। বরং নতুন কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে নিজেকে ভালোবাসতে চান তিনি। অভিনেত্রীর কথায়, ‘অন্য কেউ আমার জীবনে আসার আগে আমি আবার নিজের প্রেমে পড়তে চাই।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা পাণ্ডের। প্রথম সিনেমাতে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর ‘পতি পত্নী অউর ওহ’, ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘লাইগার’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গয়ে হাম কাহাঁ’ সিনেমায় অভিনয় করেছেন। 

ইএইচ/