Dhaka Mail Logo

বিনোদন

ক্যাপে ঢাকা টাক, সাদা চুলদাড়ি— পরিবারের সঙ্গে অন্যরকম রজনীকান্ত 

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

পর্দায় পরিপাটি থাকলেও কাছের মানুষের কাছে একেবারেই অন্যরকম দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে তেমনই রূপে ধরা দিয়েছেন। যেখানে ক্যাপে ঢাকা টাক, সাদা চুলদাড়িতে ধরা দিয়েছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সম্প্রতি পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রের বিয়েত উপস্থিত হয়েছিলেন রজনী। সেখানে পরিবারের সঙ্গে কাটিয়েছেন আনন্দঘন সময়। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে গ্রিসে পরিবারের সঙ্গে দেখা গেছে তাকে।

প্রথম ছবিতে, রজনীকান্ত এক হাতে স্ত্রী লতা রজনীকান্তের হাত ধরে আছেন। অন্য হাতে নাতি-নাতনিদের হাত ধরে আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটার সময় প্রাণবন্ত হাসিতে ভরপুর ছিলেন তারা। ছবিতে রজনীর দুই মেয়ে সৌন্দর্য ও ঐশ্বর্য রজনীকান্ত এবং নাতি যাত্রা রাজা, লিঙ্গ রাজা, বেদ কৃষ্ণ ও বীরকেও দেখা যাচ্ছে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অ্যাথেন্সে আমরা কী অসাধারণ সব স্মৃতি তৈরি করেছি! এই সুন্দর পারিবারিক ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ রজনীকান্ত সাধারণ পোশাকে বেশ স্টাইলিশভাবে ধরা দিয়েছেন। বাদামী সোয়েটশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, সাদা স্কার্ফ এবং নীল টুপিতে দেখা গেছে অভিনেতাকে। 

রজনীকান্তকে পরিবারের সঙ্গে দেখে যারপরনাই মুগ্ধ শুভানুধ্যায়ীরা। রাশি খান্না লিখেছেন, ‘কী মিষ্টি!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ধানুষ স্যার যদি থাকতেন... তাহলে আরও মিষ্টি লাগত।’ অন্য একজনের কথায়, ‘কী সুন্দর একটি পরিবার!’

সবশেষ ‘জেলার ২’ ছবিতে দেখা গেছে রজনীকান্তকে। হলে এখনও তাণ্ডব চালাচ্ছে ছবিটি। এতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মির্না ও ঋত্বিক। এছাড়াও এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালানকেও দেখা গেছে। বক্স অফিস থেকে ৮৩৫ কোটিরও বেশি তুলে নিয়েছে সিনেমাটি। 

আরআর