বিনোদন প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
দিন কয়েক হলো রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। আজ বৃহস্পতিবার ঢাকা মেইলকে এ গীতিকারের বর্তমান শারীরিক পরিস্থিতি জানিয়েছেন তার স্ত্রী জিন্নাত আরা জামান।
জিন্নাত আরা জামান বলেন, ‘উনি (রফিকউজ্জামান) আগের মতোই আছেন। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। আজ চিকিৎসরা বসে মিটিং করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন কী করা যায়।’
রফিকউজ্জামানের একাধিকবার স্ট্রোক হয়েছ উল্লেখ করে তিনি বলেন, ‘‘চিকিৎসকরা বলেছেন, ‘উনি অনেকবার স্ট্রোক করেছেন। ছোট ছোট স্ট্রোকগুলো বিভিন্ন সময় হয়েছে। কিন্তু আপনারা কেউ বুঝতে পারেননি। উনিও বুঝতে পারেননি। যার কারণে মস্তিষ্কের বিভিন্ন স্থানে ক্ষতসৃষ্টি হয়েছে। এ কারণেই উনি বিভিন্ন সময় স্মৃতি হারিয়ে ফেলছেন।’’
বেশকিছু দিন ধরে অসুস্থ রফিকউজ্জামান। এর আগে গেল ১০ নভেম্বর জিন্নাত আরা জামান বলেছিলেন, ‘উনি (রফিকউজ্জামান) অনেকদিন ধরেই অসুস্থ। এরমধ্যে পড়ে গিয়েছিলেন। শারীরিক অবস্থা তাই আরও নাজুক। হাঁটাচলা তেমন করতে পারেন না। মনেও রাখতে পারছেন না কিছু। কথাও অল্প বলেন। ঘুম একেবারেই হয় না।’
আরও বলেছিলেন, ‘চলতি মাসের শুরুতে ওনার ভার্টিগো রোগ ধরা পড়ে। এরপর নিউরো মেডিসিন বিশেষজ্ঞকে দেখানো হয়। চিকিৎসক প্রয়োজনীয় কিছু টেস্ট দেন। এরমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু রিপোর্ট খুব একটা ভালো আসেনি। আজ (মঙ্গলবার ১০ নভেম্বর) এমআরআই করাব, ব্লাড টেস্ট করাতে হবে। পরীক্ষাগুলোর রিপোর্ট হাতে এলেই চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন।’ পরে গেল ১৪ নভেম্বর দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয় রফিকউজ্জামানকে। তারপর থেকেই চিকিৎসাধীন তিনি।
আধুনিক বাংলা গানের জগতে জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকউজ্জামান। শুরুটা কবিতা লেখার মধ্যমে। পরে কলম হাতে নেন গানের কথা লিখতে।১৯৭৩ সাল থেকে সিনেমার জন্য নিয়মিত গান লেখা শুরু করেন।
বহু গুণে গুণান্বিত রফিকউজ্জামান চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা হিসেবেও সুপরিচিত। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ২০২৪ সালে স্বাধীনতা পদক পান তিনি।
আরআর