বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে নানা বিষয় ও ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেন তিনি। এবার জীবনে ঠকে যাওয়া মানুষদের নিয়ে একটি পোস্ট করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না। কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের।’
অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। আবার কেউ কেউ অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, সম্প্রতি কারও কাছ থেকে কষ্ট পেয়েছেন কি না। একজন লিখেছেন, ‘মৌসুমি ঠকাচ্ছে আপনাকে?’ ভক্তের এমন মন্তব্যে বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। জবাবে ওমর সানী লেখেন, ‘ফালতু কথা বলেন কেন আপনারা? এটা আপনাদের অভ্যাস।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার আবার ঠকালে কেডা?’ ভক্তদের বেশিরভাগ মন্তব্যে লাইক দিয়েছেন ওমর সানী।
ওমর সানী ও মৌসুমী ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। ১৯৯৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন দশকের দাম্পত্য জীবনে তাঁদের ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তবে গুঞ্জনকে পাশ কাটিয়ে সংসার করে যাচ্ছেন তাঁরা।
ইএইচ/