বিনোদন প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
‘দেয়ালের দেশ’ সিনেমায় স্ক্রিন শেয়ার করে মুগ্ধতা ছড়িয়েছিললেন শরিফুল রাজ ও শবনম বুবলী। এরপর দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি। এবার গুঞ্জন উঠেছে তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায় এক হচ্ছেন রাজ-বুবলী।
তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি পরিচালক। জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে কিছু বলবেন না তিনি। ঢাকা মেইলকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে এ নিয়ে মুখ খুলব না। তাই মন্তব্য দিতে চাচ্ছি না।’ এ প্রসঙ্গে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি তাকে।
এদিকে গতকাল ১৭ নভেম্বর ছিল রাজের জন্মদিন। দিনটিকে অংশ বেছে নেন তার লিম্বোযুক্তির কথা ঘোষণার জন্য। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে পরিচালক লেখেন, ‘‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগত সাথে নিয়ে..!’’ রাজও ছবিটি শেয়ার করে একই কথা লেখেন।
এর আগে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’
আগামী বছর ‘লিম্বো’র শুটিং শুরুর কথা। এর আগে বিষয়টি নিয়ে আংশু বলেছিলেন, ‘এটা একটু অন্য ধরনের ছবি। প্রযুক্তিগত বিষয় ও লোকেশনের ব্যাপার আছে। শুটিং শুরু হতে হতে সামনে বছর। দেশের বাইরেও শুটিং করতে হবে। এমন না যে শুটিংয়ের বড় দেশের বাইরে হবে। যতটুকু গল্পের জন্য প্রয়োজন ততটুকুই দেশের বাইরে হবে।’
আরআর