বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
গেল কয়েক বছর ধরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী ও মডেল ফারিন খান। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব কথা জানান তিনি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, আগামী দুই-তিন দিনের শুটিং ব্যস্ততা শেষে সাংবাদিকদের সামনে তার নাম প্রকাশ করবেন।
ফারিন বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়ের বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়ে যায়, তখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’
তিনি আরও বলেন, ‘বিগত কয়েক বছর যাবৎ আমি একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং এবং অনেক ধরনের নির্যাতনের শিকার হচ্ছি। বিষয়টি নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছি, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা চিন্তা করে থেমে গেছি। ফেসবুক লাইভে এসেছে কথা বলার জন্য আজ আমাকে বাধ্য করা হয়েছে।’

অভিযুক্ত ব্যক্তির বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। সে এখন আমার অনেক কলিগদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’
অভিযুক্ত ব্যক্তিকে ভণ্ড আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন। তিনি বলেন, ‘আমি খুবই অবাক হই যে মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে— কতটা মিথ্যাবাদী, কতটা চিটার, কতটা ভণ্ড!’
এছাড়াও ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের আইডি ও ফোন হ্যাক করার অভিযোগ করেছন ফারিন। অভিনেত্রী বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’
সবশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আগামী দুই-তিন দিন আমার একটা শুটিংয়ের চাপ আছে। কাজগুলো শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে সব বিস্তারিত বলব। সাংবাদিকভাইদের ডেকে অফিশিয়ালি নামটা প্রকাশ করব। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন এমন ভয়াবহ একজন মানুষের হাত থেকে রক্ষা পাই।’
ইএইচ/