Dhaka Mail Logo

বিনোদন

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা 

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসন্ন ৬৯তম আসরের জন্য মনোনীত শিল্পীদের তালিকা প্রকাশ করেছে রেকর্ডিং একাডেমি। সোমবার মনোনীত শিল্পী ও অ্যালবামের নাম প্রকাশ করা হয়। মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যাডোনা, টেইম ইমপালা, স্লেটার, ফ্রেড এগেইন.., ফোবি ব্রিজার্স, কার্ডি বি, ডন টলিভার, জর্জ, রোজালিয়া, বিয়ন্সে, রায়েসহ অনেক পরিচিত তারকা।

এই তালিকায় পপ, রক, ড্যান্স, ইলেকট্রনিক, আরঅ্যান্ডবি, র‍্যাপ, জ্যাজ, কান্ট্রি, লাতিন ও গসপেলসহ সংগীতের বিভিন্ন শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছেন শিল্পীরা।

image

ড্যান্স ও ইলেকট্রনিক বিভাগে সেরা রেকর্ডিংয়ের মনোনয়ন পেয়েছে ফ্রেড এগেইন.. ও জেমি টি-র ‘লাইটস বার্ন ডিমার’, ম্যাডোনার ‘আই ফিল সো ফ্রি’, স্লেটারের ‘ক্র্যাঙ্ক’, টেইম ইমপালার ‘মাই ওল্ড ওয়েজ’ এবং তিনাশের ‘মেলাটোনিন’। একই বিভাগে সেরা অ্যালবামের মনোনয়ন পেয়েছে ম্যাডোনার ‘কনফেশনস টু’, রবিনের ‘সেক্সিস্টেনশিয়াল’, স্ক্রিলেক্সের ‘সোমা’, স্লেটারের ‘ওরস্ট গার্ল ইন আমেরিকা’ ও টেইম ইমপালার ‘ডেডবিট’।

রক বিভাগেও রয়েছে বেশ কয়েকটি আলোচিত নাম। সেরা রক পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছেন ফোবি ব্রিজার্স, গিজ, অলিভিয়া রদ্রিগো ও রবার্ট স্মিথ এবং দ্য রোলিং স্টোনস। সেরা রক অ্যালবাম বিভাগে জায়গা পেয়েছে ফু ফাইটার্সের ‘ইয়োর ফেভারিট টয়’, মিউজের ‘দ্য ওয়াও! সিগন্যাল’, দ্য রোলিং স্টোনসের ‘ফরেন টাংস’ এবং জ্যাক হোয়াইটের ‘ফ্রোজেন শার্লট’।

image

আরঅ্যান্ডবি বিভাগে বিয়ন্সে, কেহলানি, ভিক্টোরিয়া মোনে, জিল স্কট ও টেমসের মতো শিল্পীরা মনোনয়ন পেয়েছেন। সেরা র‍্যাপ পারফরম্যান্স বিভাগে রয়েছেন বেবি কিম, কার্ডি বি, ডে লা সোল, টি.আই. ও ডন টলিভার। মেলোডিক র‍্যাপ বিভাগে মনোনয়ন পেয়েছেন বুস্তা রাইমস, কার্ডি বি, ডোইচি, ডন টলিভার ও ওয়ালে।

জ্যাজ বিভাগে জন বাতিস্ত, সিসিল ম্যাকলরিন সালভান্ত, নিকোল জুরাইটিস ও গ্রেচেন পার্লাটোর মতো শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কান্ট্রি সংগীতের বিভাগগুলোতে মনোনয়ন পেয়েছেন ভিন্স গিল, এলা ল্যাংলি, কেইসি মাসগ্রেভস, লেইনি উইলসন, ডলি পার্টন ও স্টিফেন উইলসন জুনিয়র। আমেরিকান রুটস ও আমেরিকানা বিভাগে ব্র্যান্ডি কার্লাইল, মাভিস স্ট্যাপলস, জেসি ওয়েলস এবং বিলি স্ট্রিংসের নাম রয়েছে।

image

লাতিন সংগীতের বিভাগেও রয়েছে তারকাদের উপস্থিতি। সেরা লাতিন পপ অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন কারোল জি, মন লাফের্তে, কারিন লিওন, রাওয়ায়ানা ও এলেনা রোজ। সেরা মিউজিকা উরবানা অ্যালবাম বিভাগে রয়েছেন রাউ আলেহান্দ্রো, জে বালভিন, রায়ান কাস্ত্রো, আলভারো দিয়াজ, ফেইদ ও ইয়াং মিকো।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি দেখা যাবে ৮ ফেব্রুয়ারি সোমবার ভোরে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি। এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে আয়োজনটি।

ইএইচ/