Dhaka Mail Logo

বিনোদন

লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, পরীমণিকে পাল্টা দিলেন অপু! 

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

চলচ্চিত্রশিল্প যখন ডুবু ডুবু তখন নায়ক-নায়িকাদের কাদা ছোড়াছুড়ি-ই হয়ে উঠেছে সাধারণ মানুষের বিনোদনের খোরাক। সোশ্যাল মিডিয়ায় সেসব দেখে দিন পার করে দেওয়া যায়। সম্প্রতি নেটিজেনদের সে খোরাক দিয়ে যাচ্ছে পরীমণি ও অপু বিশ্বাসের ব্যক্তিগত দ্বন্দ্ব। 

অনেক দিন ধরেই দুই নায়িকার মধ্যে মন কষাকষি। দিন কয়েক আগে এক ভিডিও বার্তায় অপু মন্তব্য করেন, ‘শুধু লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলা যায় না।’ তার বক্তব্যটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। 

এরপরই আড়মোড়া ভাঙেন পরী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইঙ্গিতে ‘পরগাছার রানি’ বলে খোঁচা দেন অপুকে। তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্য মতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

এরপর অপুকে কটাক্ষ করে পরীমণি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XDi।’

এবার পাল্টা জবাব দিলেন অপু। এক অনুষ্ঠানে পরীমণির নাম উল্লেখ না করে পাটকেল ছোড়েন তিনি। বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ 

আরআর