Dhaka Mail Logo

বিনোদন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকার রফিকউজ্জামান হাসপাতালে

বিনোদন প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

গুরুতর অসুস্থ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী জিন্নাত আরা জামান। 

গতকাল শনিবার দিবাগত রাতে মোহাম্মদ রফিকউজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জিন্নাত আরা জামান। তিনি বলেন, ‘ওনার (রফিকউজ্জামান) অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যাথা হচ্ছিল। রাত সাড়ে দশটা এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।’ 

বেশকিছু দিন ধরে অসুস্থ রফিকউজ্জামান। এর আগে গেল ১০ নভেম্বর যোগাযোগ করা হলে জিন্নাত আরা জামান বলেছিলেন, ‘উনি (রফিকউজ্জামান) অনেকদিন ধরেই অসুস্থ। এরমধ্যে পড়ে গিয়েছিলেন। শারীরিক অবস্থা তাই আরও নাজুক। হাঁটাচলা তেমন করতে পারেন না। মনেও রাখতে পারছেন না কিছু। কথাও অল্প বলেন। ঘুম একেবারেই হয় না।’

আরও বলেছিলেন, ‘চলতি মাসের শুরুতে ওনার ভার্টিগো রোগ ধরা পড়ে। এরপর নিউরো মেডিসিন বিশেষজ্ঞকে দেখানো হয়। চিকিৎসক প্রয়োজনীয় কিছু টেস্ট দেন। এরমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু রিপোর্ট খুব একটা ভালো আসেনি। আজ (মঙ্গলবার ১০ নভেম্বর) এমআরআই করাব, ব্লাড টেস্ট করাতে হবে। পরীক্ষাগুলোর রিপোর্ট হাতে এলেই চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন।’

রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে আজ রোববার গীতিকারপত্নী বলেন, ‘রিপোর্ট ভালো আসেনি। চিকিৎসকরা এখনও কিছু বলেননি। আজ তারা বসে ওনার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন।’ এ সময় অসুস্থ গীতকারের জন্য দোয়া চান তিনি। 

আধুনিক বাংলা গানের জগতে জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকউজ্জামান। শুরুটা কবিতা লেখার মধ্যমে। পরে কলম হাতে নেন গানের কথা লিখতে। ১৯৭৩ সাল থেকে সিনেমার জন্য নিয়মিত গান লেখা শুরু করেন। 

বহু গুণে গুণান্বিত রফিকউজ্জামান চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা হিসেবেও সুপরিচিত। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ২০২৪ সালে স্বাধীনতা পদক পান তিনি। 

আরআর