বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম
মাস চারেকের বিরতি নিয়েছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি নাটকে ফিরেছেন। তারই ফাঁকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন অভিনয়ের জন্য কখনও সিনিয়র অভিনেতাদের থেকে অনুপ্রেরণা পাননি।
সিনিয়রদের কাছে আপনি কতটা প্রশংসা পেয়েছেন? এ প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন জোভান। তার ভাষায়, ‘সমসাময়িক অন্যরা পেয়েছে কি না জানি না। কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি। সিনিয়রদের কাছ থেকে কোনো অনুপ্রেরণাও পাইনি। ‘তোমার কাজ ভালো হয়েছে,’ এমনটা শুনিনি। কিন্তু আমি খুব চাইতাম, সিনিয়ররা আমার কাজ দেখে ভালো না লাগলে বকা দিক, ভালো লাগলে প্রশংসা করুক। ১৩ বছরের ক্যারিয়ারে সিনিয়রদের কাছে থেকে অনুপ্রেরণামূলক কোনো কিছু পাইনি।’
তবে নিজে কখনও অগ্রজদের প্রশংসা না পেলেও জুনিয়রদের উৎসাহ দিতে ভোলেন না জোভান। সম্প্রতি খায়রুল বাসারের অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘আমার জুনিয়র বা নেক্সট ব্যাচের যারা, তারা কতটা ভালো করছে—বরাবরই সেই খবর রাখার চেষ্টা করি। এখন তো ফেসবুকের মাধ্যমে সবার কাজ সম্পর্কে জানা যায়, দেখা হয়। অনেকেই ভালো করছে। যার কাজ ভালো লাগে, পারসোনালি তাকে জানাই। দেখা হলেই কাজটি সম্পর্কে জানাই। এমনও হয়েছে, ফোন নম্বর না থাকলে সংগ্রহ করে যোগাযোগ করি। এটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয়।’
‘অতল ভালোবাসা’ নামের একটি নাটক দিয়ে বিরতি ভেঙেছেন জোভান। নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। আত্মপ্রকাশ করছেন চিত্রনাট্যকার হিসেবেও। এরইমধ্যে চারটি চিত্রনাট্য লিখেছেন তিনি।
আরআর