বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি একসময় সবার মুখে মুখে জায়গা করে নিয়েছিল। ইত্যাদি অনুষ্ঠানে গানটি গেয়ে রাতারাতি তারকা বনে যান রিকশাচালক আকবর। এর পরের সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক নানা জটিলতায় ২০২২ সালের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আকবর।
আজ আকবার চলে যাওয়ার চার বছর। বাবার মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে আফিয়া আকবর অথৈ।
তিনি লিখেছেন, ‘আজ চার বছর হলো বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেছো। দেখতে দেখতে চারটি বছর কেটে গেল, অথচ মন আজও মেনে নিতে পারেনি যে তুমি আর কখনো ফিরে আসবে না। সময়ের সঙ্গে চারপাশের সবকিছু বদলে গেছে। শুধু বদলায়নি তোমাকে হারানোর কষ্টটা। বাবা, জানো? আজও কোনো কিছুতে খুব কষ্ট পেলে মনে হয়, তোমাকে গিয়ে বলি। কোনো ভালো খবর পেলে সবার আগে তোমাকে জানাতে ইচ্ছে করে। জীবনের প্রতিটি আনন্দে, প্রতিটি দুঃখে তোমার অভাবটা ভীষণভাবে অনুভব করি। কত কথা জমে আছে তোমাকে বলার, কত আবদার অপূর্ণ রয়ে গেছে, কত ইচ্ছে ছিল তোমাকে নিয়ে, সবকিছু আজ স্মৃতির পাতায় বন্দি।’

আফিয়া জানান, বাবাকে হারানোর কষ্ট তার এখনও কমেনি, বরং শূন্যতা বেড়েছে। তিনি লেখেন, ‘সবাই বলে সময়ের সঙ্গে নাকি সব কষ্ট কমে যায়। কিন্তু বাবাকে হারানোর কষ্ট কি কখনও কমে? বরং যত বড় হচ্ছি, তত বেশি বুঝতে পারছি তোমার শূন্যতা কতটা গভীর। তোমার ছায়া, তোমার শাসন, তোমার ভালোবাসা— সবকিছুর জন্য আজও মন কাঁদে।’
গায়কের মেয়ে আরও লিখেছেন, ‘মাঝেমধ্যে খুব ইচ্ছে করে, পৃথিবীর সবকিছু যদি থেমে যেত, আর একবারের জন্য হলেও তোমার কাছে ফিরে যেতে পারতাম। তোমার সঙ্গে একটু কথা বলতে পারতাম। কিন্তু জানি, কিছু চাওয়া কখনও পূরণ হওয়ার নয়।’
সবশেষে বাবার স্মৃতি আঁকড়ে বাকি জীবন কাটানোর কথা জানিয়ে আফিয়া লেখেন, ‘বাবা, তুমি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তোমার স্মৃতি আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। জীবনের বাকি পথটুকু তোমার স্মৃতি বুকে নিয়েই কাটিয়ে দিতে হবে। আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি, তিনি যেন তোমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন। চার বছর পেরিয়ে গেল বাবা, অথচ তোমাকে ছাড়া বেঁচে থাকার অভ্যাসটা আজও হলো না। তুমি আমার জীবনের এমন এক অপূরণীয় শূন্যতা, যা কোনোদিন পূরণ হওয়ার নয়। ভালো থেকো ওপারে, বাবা। তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ মনে পড়ে।’

আকবর একসময় জীবিকার তাগিদে রিকশা চালাতেন। হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি পরিবেশন করে পরিচিতি পান তিনি।
ইএইচ/