Dhaka Mail Logo

বিনোদন

পুরনো সমাধি লুণ্ঠন, চিত্রকর্মের অভিশাপ নিয়ে আসছে তুর্কি ছবি ‘সয়’

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমন্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে ভৌতিক সিনেমা দিয়ে দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে দেশটি। যার ধারাবাহিকতায় পর্দায় এসেছে ‘সয়’ নামের একটি হরর সিনেমা। বেশ সাড়া ফেলেছে। ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছে তারা।

‘সয়’ পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিশরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন। 

এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হয়। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে পরিবারের পুরোনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। এভাবেই এগিয়ে চলে গল্প। 

সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। হরর সিনেমার ভক্তদের জন্য ‘সয়’ আগ্রহ তৈরি করার মতো একটি সিনেমা বলে মনে করছেন অনেকে। 

আরআর