Dhaka Mail Logo

বিনোদন

সোনিয়ার সমালোচনা করে কোণঠাসা কঙ্গনা, কারও প্রশ্ন— নেশা করেছেন?  

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশ পেতেই আলোচনায় ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কেউ কেউ বইটি নিয়ে করছেন ব্যবচ্ছেদ। বলিউড অভিনেত্রী ও দেশটির সংসদ সদস্য কঙ্গনা রনৌত রীতিমতো কাঠগড়ায় তুলেছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের ইনস্টাগ্রামে সোনিয়া গান্ধীকে ‘ইতালির কোটিপতি বিধবা’ কটাক্ষ করেছেন কঙ্গনা। সেইসঙ্গে এ নেত্রীর জীবনের বিভিন্ন দিক তুলে এনে খোঁচা দিয়েছেন। লিখেছেন, ‘কীভাবে এক রহস্যময় বিদেশি নাগরিক গান্ধী পরিবারে প্রবেশ করলেন? আর তারপর ইন্দিরা গান্ধী খুন হলেন, সঞ্জয় গান্ধীর মতো সম্ভাব্য উত্তরাধিকারী মারা গেলেন, রাজীব গান্ধীও প্রাণ হারালেন। শেষ পর্যন্ত সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে রয়ে গেলেন সেই বিদেশি নাগরিক, সোনিয়া গান্ধী। এতগুলো কাকতালীয় ঘটনা নিয়েও মানুষের মনে কোনো প্রশ্ন জাগেনি! ওই বিদেশি মহিলা প্রকাশ্যেই বিদেশি স্বার্থের প্রচার করেছেন। সন্ত্রাসবাদীদের জন্য কুমিরের কান্নাও কেঁদেছেন। তা সত্ত্বেও ২০১৪ সাল পর্যন্ত তিনি কীভাবে কয়েক দশক ধরে সরকার পরিচালনার কেন্দ্রে ছিলেন?’

সোনিয়ার বিপুল সম্পত্তি ও বিলাসিতা নিয়েও প্রশ্ন করেন কঙ্গনা। তার ভাষ্য, ‘সারা জীবনে এক পয়সাও উপার্জন না করে ১৯৯১ সালে কীভাবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হয়ে উঠলেন? তাঁর নামে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ জমা ছিল, বাহ! পরিবারের প্রত্যেকের মৃত্যুর পর হঠাৎ করেই সহানুভূতি আদায় করা এক অসহায় ইতালীয় বিধবা কোটিপতি হয়ে গেলেন? তাঁর জীবনীতে এসব প্রশ্নের উত্তর কেন নেই?’

তবে সোনিয়াকে নিয়ে কঙ্গনার এই সমালোচনা ভালোভাবে নেননি দেশটির নেটিজেনদের অনেকে। তারা ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সংসদ সদস্যের ওপর। কেউ খোঁচা দিয়ে লিখেছেন, ‘এ তো ধুরন্ধর ৬-এর গল্প!’ কারও কথায়, ‘নিয়মিত ধুতুরার ডোজ চলছে নাকি?’ কারও কটাক্ষ, ‘ওঁর মতিভ্রম হয়েছে।’ ৮০ বছরের রাজনীতিবিদের সমালোচনাকে অনেকে সস্তা রাজনীতিও বলছেন।

আরআর