বিনোদন প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
বাংলাদেশের নাটক ও বিনোদন অঙ্গনে কর্মরত ফটোগ্রাফারদের পেশাগত মর্যাদা, ন্যায্য পারিশ্রমিক ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘এন্টারটেইনমেন্ট মিডিয়া ফটোগ্রাফার্স বাংলাদেশ’ (ইএমপিবি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। ফটোগ্রাফারদের পারস্পরিক ঐক্য ও পেশাগত স্বার্থ সংরক্ষণে কাজ করবে নতুন সংগঠনটি।
প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অপূর্ব অভি। সহ-সভাপতি আকিব রহমান, সাধারণ সম্পাদক মাজহারূল ইসলাম তাহসিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ এস আকাশ রাজ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইএন নাঈম, হৃদয় আহমেদ, আহমেদ সাকিব, নাঈম চৌধুরী, ইকরামুল হাসান, আরিয়ান আহমেদ আশিক, আকাশ মালাকারসহ আরও অনেকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য ফটোগ্রাফারদের পারিশ্রমিক ও পেশাগত স্বার্থ সুরক্ষায় ন্যূনতম দৈনিক সম্মানী নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শুটিংয়ের কাজে ফাস্ট কলের অগ্রাধিকার, একাধিক দিনের শুটিংয়ে সংগঠনের সদস্যদের মধ্য থেকে ফটোগ্রাফার নিয়োগ এবং সর্বোচ্চ আট ঘণ্টার কর্মদিবসসহ বেশ কিছু পেশাগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নীতিমালা বাস্তবায়নে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা রাখছে সংগঠনটি। নির্ধারিত সম্মানীর চেয়ে কম পারিশ্রমিকে কাজ গ্রহণ, ফাস্ট কলের অধিকার লঙ্ঘন কিংবা সংগঠনের নিয়ম অমান্য করলে সদস্যের বিরুদ্ধে সতর্কবার্তা, আর্থিক জরিমানা, সদস্যপদ স্থগিত অথবা বাতিলের করা হতে পারে।
সংগঠকরা জানিয়েছেন, কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করা কিংবা কোনো পক্ষের সঙ্গে বিরোধ তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। বরং বিনোদন অঙ্গনের ফটোগ্রাফারদের দীর্ঘদিনের পেশাগত স্বার্থ, ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা তাদের মূল লক্ষ্য। ‘ঐক্যবদ্ধ থাকি, পেশার মর্যাদা রক্ষা করি’—এই প্রত্যয় নিয়ে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।