বিনোদন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
ওটিটি ও বড়পর্দায় এরইমধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন শঙ্খ দাশগুপ্ত। এবার হাতে নিয়েছেন নতুন সিনেমার কাজ। রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘আবার দেখা হলে’। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি।
‘আবার দেখা হলে’ শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন ’প্রিয় মালতী’। এছাড়াও ওটিটির জন্য তার বানানো ‘চা গরম’ সিনেমাটি হয় ব্যপক প্রশংসিত। নির্মাতা জানান, ‘আবার দেখা হলে’ ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে পরিবারের সব সয়সী সদস্যদের নিয়ে।

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণীর। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’
গল্পের ধরণ জানিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ তার নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রত্যেক দর্শক এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’

নির্মাতার কথা থেকে ধারণা করা যায়, সিনেমাটির মূল বিষয় বা ভাবনা হলো নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া কিংবা নিজেকে ফিরে দেখা, ফেলে আসা বিষয়গুলোকে খোঁজা বা আত্মিক সংযোগ। নির্মাতা জানিয়েছেন, দর্শকের সামনে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে ভিন্ন ভিন্ন সময়কালে। যা দর্শকদের নিয়ে যেতে পারে স্মৃতিঘেরা সফরে। আর এই আবেগগুলোকে অর্থপূর্ণ করে তুলবে সিনেমার আবহসংগীত ও গান। যা চলচ্চিত্রের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করেন নির্মাতা।
তারকা সমৃদ্ধ সিনেমা হতে যাচ্ছে ‘আবার দেখা হলে’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ।
সিনেমাটির চিত্রনাট্য করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। প্রযোজনা করছে ‘ফিল্মি ফিচারস’। সহ-প্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, ইন অ্যাসোসিয়েশন উইথ ‘এমআইবি স্টুডিওস’।
আরআর