বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
‘মাইক হ্যামার’ খ্যাত আমেরিকার কিংবদন্তি অভিনেতা স্টেসি কিচ আর নেই। মঙ্গলবার পোল্যান্ডের ম্যাগডালেনকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। অভিনেতার স্ত্রী মালগোসিয়া টমাসি কিচ এক বিবৃতিতে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত অসুস্থতার সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ২০১৭ সালে শিকাগোতে মঞ্চে পারফর্ম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
১৯৪০ ও ৫০-এর দশকের বিখ্যাত ক্রাইম ঔপন্যাসিক মিকি স্পিলানের সৃষ্টি হার্ড-বয়েল্ড গোয়েন্দা ‘মাইক হ্যামার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান স্টেসি কিচ। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘চিচ অ্যান্ড চং’, ‘দ্য নাইন্থ কনফিগারেশন’,‘নেব্রাস্কা’-এর মতো সিনেমায়। এছাড়া জন হিউস্টনের পরিচালনায় ‘ফ্যাট সিটি’ ও ‘দ্য লাইফ অ্যান্ড টাইমস অব জজ রয় বিন’-সহ ‘আমেরিকান হিস্ট্রি এক্স’ এবং ‘দ্য বোর্ন লেগ্যাসি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। একটি ছয় পর্বের মিনিসিরিজে আর্নেস্ট হেমিংওয়ে চরিত্রে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়া টিভি শো পরিচালনা থেকে শুরু করে উপস্থাপনাও করেছেন তিনি।
অভিনয় জীবনে সফলতার দেখা পেলেও ব্যক্তিগত জীবনে তাঁকে বহু চড়াই-উতরাই পার করতে হয়েছে। ১৯৮৪ সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কোকেন পাচারের অভিযোগে গ্রেফতার হন তিনি। অ্যারোসল শেভিং ক্রিম এবং লাগেজের ভেতরে ১.৩ আউন্স কোকেন লুকিয়ে রাখার অভিযোগে তাঁকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। যার ফলে তাঁর ক্যারিয়ার প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। জেল থেকে বেরিয়ে তিনি মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার শুরু করেন।
ইএইচ/