বিনোদন প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট তার কনসার্টগুলো বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর গান পরিবেশনের কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অপ্রত্যাশিত কারণে লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। কনসার্টের সমস্ত টিকিট বাতিল বলে গণ্য হবে। এ পর্যন্ত যতগুলো রিফান্ডের আবেদন পাওয়া গেছে, তা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
যেসব দর্শক এখনও রিফান্ডের জন্য আবেদন করেননি, তাঁদেরকে পাঠানো রিফান্ড ইমেলে থাকা "Get my refund" অপশনে ট্যাপ করে বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ইকিউব এন্টারটেইনমেন্ট। আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ টাকা পৌঁছে যাবে। ইমেল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ১৬ নভেম্বর সোমবারের মধ্যে গ্রাহকদের পছন্দমতো মাধ্যমে টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকছে। এর পরও সাড়া না দিলে যে মাধ্যম (কার্ড বা মোবাইল ওয়ালেট) ব্যবহার করে টিকিট কেনা হয়েছিল, সেখানেই সরাসরি টাকা রিফান্ড করা হবে, যার জন্য ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।
এদিকে ইকিউব এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দ্রোহী আহসান ঢাকা মেইলকে বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট করা নিরাপদ না। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এটার দায়িত্ব নেওয়া খুব কঠিন হবে। প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়ালি নিষেধ করা হয়নি। আমাদের কাছে কনসার্টের অনুমতি আছে। কিন্তু আনঅফিশিয়ালি পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরাও চিন্তা করে দেখেছি, শিল্পীর সঙ্গেও কথা বলে দেখেছি। সব মিলিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, ‘ও সানাম’ কিংবা ‘এক পল কা জিনা’-র মতো তুমুল জনপ্রিয় সব গানের স্রষ্টা লাকি আলী দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে পারফর্ম করতে আসার কথা ছিল।
ইএইচ/