বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
সম্প্রতি পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত কনসার্টে পদপিষ্ট হয়ে ২ ব্যক্তির মৃত্যু এবং অন্তত ১৮ জন আহত হয়েছিল। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে তা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় টিকটকার মুহাম্মদ আনসার জাটের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) শিয়ালকোট পুলিশ তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার সূত্রপাত গত ৩০ অক্টোবর। বিয়েকে কেন্দ্র করে ডাসকা রোডের ফারাজ ক্রিকেট গ্রাউন্ডে মেহেদি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আনসার জাট। সেখানে শত শত মানুষের সমাগম হয়। স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়ার সাথে সাথে হুড়োহুড়ি লেগে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হন। ওই ঘটনার পরপরই মোত্রা থানায় আনসার জাট, তাঁর ভাই, ফারাজ ক্রিকেট গ্রাউন্ডের মালিকসহ আরও ছয়জন এবং ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাত নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়।
এদিকে পদপিষ্টের ঘটনায় নিহত মোহাম্মদ রেহান আরশাদের ভগ্নিপতি মোহাম্মদ আবু বকর অভিযোগ করেছেন, এই ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল। এজাহার অনুযায়ী, গত ৬ নভেম্বর শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁদের বাড়িতে অবস্থানকালে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি এসে আনসার জাট ও তাঁর ভাইয়ের সঙ্গে আপস করার জন্য চাপ দেয়। আপস না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এর আগে গত ৩ নভেম্বর ইসলামাবাদ হাইকোর্ট টিকটকার আনসার জাটকে ১০ নভেম্বর পর্যন্ত জামিন দিয়েছিলেন। তবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের নতুন মামলায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিয়ালকোটের পুলিশ প্রধান জানিয়েছেন, আইন অনুযায়ী ও নিরপেক্ষভাবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
ইএইচ/