বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
গেল সেপ্টেম্বরে ডেঙ্গুসহ মারাত্মক শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব। অসুস্থতার সঙ্গে লড়াই, বকেয়া পারিশ্রমিক নিয়ে ক্ষোভ ঝেড়ে সেসময় খবরের শিরোনাম হয়েছিলেন এ শিল্পী। এখন কেমন আছেন শোয়েব— চলুন জেনে নেওয়া যাক।
ঢাকা মেইলকে শোয়েব জানালেন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় ফিরেছেন বেশ কিছুদিন। ফিরেছেন কাজেও। তিনি বলেন, ‘এক মাস হলো বাসায় ফিরেছি। এতদিন বিশ্রামে ছিলাম। এখনও সম্পূর্ণ সুস্থ না, তবে শারীরিক ধকল কেটেছে অনেকটা। সপ্তাহ হলো কাজে ফিরেছি।’

বেশকিছুদিন অসুস্থতার কারণে কাজ থেকে দূরে ছিলেন। শরীর কথা শুনতেই জমে থাকা কাজগুলো শেষ করছেন উল্লেখ করে বললেন, ‘আমার সাধারণত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। হাসপাতালে যাওয়ার আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত একাধিক ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। অসুস্থ হওয়ায় কাজগুলো থেমেছিল। ফেরার পর সেগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে।’
এদিকে শোয়েব যখন হাসপাতালের বিছানায় অসুস্থতার সঙ্গে কাটাচ্ছিলেন তখন কানাডার মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক ক্যাটাগরিতে পুরষ্কার জেতে ‘রইদ’ সিনেমাটি। যেখানে সেরা ফিল্ম মিউজিকের কৃতিত্ব আসে শোয়েবের ঝুলিতে।

তার কথায়, ‘অসুস্থতার ভেতরে সুমন (মেজবাউর রহমান সুমন) ফোন করে জানায় অ্যাওয়ার্ডের খবর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বিভিন্ন বিভাগে আলাদা করে পুরস্কার খুব একটা দেওয়া হয় না। বিশেষ করে বড় ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে সুযোগ একেবারেই নেই। ওই জায়গা থেকে বেশ সারপ্রাইজিং ছিল খবরটি। তাছাড়া যখন দেখলাম কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাওয়া ‘এলিফ্যান্ট ইন দ্য ফগে’র মতো ছবি ছিল সেখানে। বলিউড কিংবদন্তি নাসিরুদ্দিন শাহ ওই ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর হয়েছেন। তখন মনে হলো ভালো জায়গা থেকেই স্বীকৃতিটা এসেছে।’
‘রইদ’ সিনেমার সংগীত করেছেন শোয়েব। ছবির গান ‘রইদে আইলা গা জুড়াইতে’-এর ভিডিওতেও দেখা গেছে তাকে। এর আগে ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ সিনেমার সংগীতে ছিলেন তিনি। তার কণ্ঠে একাধিক গানও হয়েছে জনপ্রিয়।
আরআর