Dhaka Mail Logo

বিনোদন

কেন জয়া-সুবর্ণ-অর্ষাদের নিয়ে দর্শকের আগ্রহ কম— ফারিয়ার পর্যবেক্ষণ

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা নানা বিতর্কিত বিষয় নিয়ে চর্চা কম হয় না। তবে অপ্রয়োজনীয় আলোচনার ভিড়ে দেশের প্রকৃত গুণী ও পরিশ্রমী অভিনেত্রীরা প্রায়ই আড়ালে চলে যাচ্ছেন বলে মনে করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি এক পোস্টে তিনি দেশের এমন কয়েকজন অভিনেত্রীর কাজের প্রশংসা করেছেন, যাঁদের অভিনয় ও ব্যক্তিত্ব তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি দর্শক ও গণমাধ্যমে তাঁদের নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। 

পোস্টের শুরুতে জয়া আহসানের প্রসঙ্গ টেনে ফারিয়া লিখেছেন, ‘তিনি শুধু অভিনয়েই নয়, রূপ ও আচরণেও অনন্য। অভিনয়ের পাশাপাশি পোষ্য, গাছপালা ও বাগানবাড়ির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। এছাড়া তাঁর চমৎকার ব্যাগ, ঘড়ি ও জামদানির কালেকশনের প্রশংসাও করেছেন তিনি।’

এরপর অভিনেত্রী সানজিদা প্রিতিকে নিয়ে ফারিয়া বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল তাঁর। অত্যন্ত স্বল্পভাষী এই অভিনেত্রী কাজের বাইরে অপ্রয়োজনীয় কথা বলেন না। তাঁর অসাধারণ অভিনয় ক্ষমতার কথা বলতে গিয়ে ফারিয়া স্মরণ করেন ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’র মতো জনপ্রিয় সিরিজগুলোর কথা।”

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদের পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করে ফারিয়া লিখেছেন, ‘অত্যন্ত চঞ্চল ও হাসিখুশি স্বভাবের এই অভিনেত্রীর অভিনয় প্রতিভা সত্যিই ঈর্ষণীয়, যা দেখলে তাঁর নিজেরও ওই মানের অভিনয় করার ইচ্ছে জাগে।’

নাজিয়া হক অর্ষার অভিনয় দক্ষতার কথা বলতে গিয়ে ফারিয়া জানান, সুবর্ণা মুস্তাফার পর একমাত্র অর্ষার চোখেই অভিনয়ের সেই অভিব্যক্তি ও কথা বলতে দেখা যায়। অতীতে শিহাব শাহীনের একটি নাটকে শিডিউল জটিলতার কারণে কাজ করতে না পারলেও পরবর্তী সময়ে অর্ষার সেই অসাধারণ অভিনয় দেখে তাঁর মনে হয়েছিল, কাজটি না হওয়াটাই হয়তো ভালো হয়েছিল। কারণ চরিত্রটির সঙ্গে ওইভাবে ন্যায়বিচার করা তাঁর পক্ষে হয়তো সম্ভব হতো না।

তালিকা থেকে বাদ যাননি বিন্দু, ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির মতো তারকারাও। বিশেষ করে বিন্দুর ফিটনেস ও চমৎকার ফ্যাশন সেন্সের প্রশংসা করে ফারিয়া বলেন, ‘কোথায় কতটুকু বলতে হবে এবং কী পরতে হবে, তা তিনি খুব ভালো বোঝেন। ছোটবেলা থেকেই বাইপাস বা অন্য কোনো প্রচারের আলোয় না থেকে নিভৃতে কাজ করা এসব অভিনেত্রীরাই প্রকৃত মেধাবী বলে মনে করেন তিনি।’

পোস্টের শেষাংশে ফারিয়া স্পষ্ট করেছেন, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, শমী কায়সার কিংবা মেহজাবীন চৌধুরীর মতো তারকারা তাঁদের কাজের উপযুক্ত মূল্যায়ন পেয়েছেন বলেই তাঁদের নাম এই তালিকায় রাখেননি। 

ইএইচ/