বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
দীপাবলি উৎসবে বাজির আলো চারদিক আলোকিত করলেও প্রাণ ও পরিবেশের করে মারাত্মক ক্ষতি। শিশু বয়োবৃদ্ধদের জন্যও বিষয়টি ক্ষতির। এসব দিক ভেবে বলিউড তারকাদের অনেকে উৎসবটিতে বাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নিষেধাজ্ঞা সত্বেও বাজিতে মেতে উঠেছিলেন ভারতের অনেকে। তাতে ক্ষুব্ধ ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। আহ্বান জানালেন আইনি ব্যবস্থা নিতে।
বাজি পোড়ানোয় সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন উরফি। পরিবেশ দূষণে উদ্বিগ্ন এ ইনফ্লুয়েন্সার লিখেছেন, “যারা বাজি ফাটাচ্ছে, তাদের সকলের জেলে যাওয়া উচিত! এটাই শেষ কথা, ব্যস! কী অবস্থা করে রেখেছে এই অশিক্ষিতগুলো!”
উরফি ছাড়াও বাজি পোড়ানোয় উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী ভূমি পেডনেকর। নাগরিকদের স্বাস্থ্য নিয়ে শংকা প্রকাশ করে তিনি লেখেন, “দীপাবলি হলো আলোর উৎসব। ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পাশাপাশি একটি এহেন চেনাপরিচিত ‘পরিণতি’ও ফিরে ফিরে আসে- দূষিত বাতাস, বাজির বর্জ্য, অতিরিক্ত শব্দ আর আতংকিত প্রাণীকুল। বাজি পোড়ানোর ফলে সূক্ষ্ম ধূলিকণা এবং অন্যান্য বিষাক্ত পদার্থ বাতাসে মিশে যায়, যা এমনিতেই বায়ুর গুণমানকে আরও খারাপ করে তোলে। আর এই দূষণের প্রভাব কিন্তু সবার ওপর সমানভাবে পড়ে না- শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত মানুষ ও প্রাণীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।”
এর আগে বাজি পোড়ানোর বিপক্ষে মত দেন অভিনেত্রী দিয়া মির্জা। পরিবেশবান্ধব দীপাবলি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, উৎসবের মৌসুমে আনন্দের সঙ্গে দীপাবলি পালন করতে হবে ঠিকই, তবে পরিবেশ ও স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। বাজি থেকে তৈরি হওয়া শব্দ ও বায়ুদূষণ আমাদের সবার জন্য ক্ষতিকর। তাই শব্দ নয়, আনন্দ দিয়ে দীপাবলি উদযাপন করুন। কিন্তু সেই ভিডিও মুছে দেয় বৃহন্মুম্বই পৌরসভা।
দীপাবলিতে বাজি পোড়ানোর বিরোধিতা করেছিলেন আলিয়া ভাটের মা সোনি রাজদানও। শিশুদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বাজি পোড়ানো নিয়ে প্রশ্নও তুলেছিএলন তিনি।
আরআর