Dhaka Mail Logo

বিনোদন

অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রীকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

ব্যাংকঋণের টাকা পরিশোধ করতে না পারায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল।

গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপরই পাওনা অর্থ আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।

নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ব্যাংক ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করেছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন অনন্ত জলিলও। তিনি বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।

অনন্ত জলিলের ব্যবসায়িক সংকট অবশ্য নতুন নয়। তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্পে পরিচিত ব্যবসায়ী হয়ে ওঠেন। ২০১০ সালে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন তিনি। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।

বর্তমানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জলিলের মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা সচল রাখতে অংশীদার খোঁজার পাশাপাশি কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া খোঁজার চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাননি তিনি।

এর মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদিকে অনন্ত জলিলের প্রতিষ্ঠানগুলোর বিপুল অঙ্কের ঋণ, চেক প্রত্যাখ্যাত হওয়া এবং ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গের ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকগুলো উদ্বেগের মধ্যে রয়েছে। বিনিয়োগ করা অর্থ কীভাবে আদায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইএইচ/