বিনোদন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। সম্প্রতি আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ও আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা। ফ্যাশন শোয়ের একটি মঞ্চে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে মিডল ফিঙ্গার প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন তিনি।
গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই অনুষ্ঠানে স্টেজ পারফরম্যান্স করার জন্য হাজির হয়েছিলেন পরীমণি। মঞ্চে তার নাচের পরিবেশনার শেষ পর্যায় হঠাৎ উপস্থিত দর্শকদের একটি অংশ থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া শুরু হয়। স্লোগান শুনে মেজাজ হারিয়ে ক্ষুব্ধ হন অভিনেত্রী। এ সময় দর্শকদের উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করে মঞ্চ ত্যাগ করেন।
এই ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে আসেন পরীমণি। ওই লাইভে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন এই অভিনেত্রী।
এর মাত্র কয়েক দিন আগে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে সশরীরে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পান পরীমণি। তবে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাক্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ব্যাড টাচের অভিযোগ তোলেন পরী। পরবর্তীতে ওই সাংবাদিককে হেনস্তা, তার ফোন কেড়ে নেওয়া এবং ট্রাইপড ভেঙে ফেলার গুরুতর অভিযোগ তোলেন পরীমণি ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।
ইএইচ/