Dhaka Mail Logo

বিনোদন

ফের বোমাতঙ্ক অমিতাভ বচ্চনের বাড়ি, বাড়ল নিরাপত্তা

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

১৪ দিনের ব্যবধানে ফের বোমাতঙ্ক বলিউড মহা তারকা অমিতাভ বচ্চনের বাড়ি জলসায়। তারপরই বাড়ল নিরাপত্তা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই হাইকোর্টে একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে। যেখানে বিগ-বির বাড়ি জলসায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সেইসঙ্গে বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের নামও উল্লেখ করা হয়েছে। মেইলটি হাতে পেতেই সচেতন মুম্বাই পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়িতে। 

কে বা কারা হুমকি দিয়েছে তাদের খুঁজছে পুলিশ। এরইমধ্যে তল্লাশি চালানো হয়েছে জলসাসহ বাকি তিন স্থাপনায়। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তারা।

এদিকে গেল ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়ের দফতরের একটি ই-মেইল হুমকির বার্তা দেওয়া হয়। মেইলটিতে উগ্রপন্থী স্লোগান লেখা ছিল। এতে জানানো হয়েছিল, মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্টে আগামী ২৭ অক্টোবর দিলজিতের যে কনসার্ট হওয়ার কথা রয়েছে, সেখানে হামলা চালানো হবে। একই সঙ্গে অমিতাভ বচ্চনের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। 

এরপরই শুরু হয় কড়াকড়ি। এদিকে প্রতি রোববার ভক্তদের দেখতে বাড়ির আসতেন অমিতাভ। হুমকির পরের রোববারে সেখানেও ছিল সতর্কতার ছাপ। এদিন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। সে রেশ না কাটতেই ফের হুমকির মেইল। 

আরআর