Dhaka Mail Logo

বিনোদন

পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের ‘অশ্রু’

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। এর কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে একাধিক সৃজনশীল অংশগ্রহণ। গানটির সুর করেছেন ফাহিম ইসলাম নিজেই। কথা লিখেছেন সিমন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে গিটারও বাজিয়েছেন ফাহিম। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। 

গানটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, “২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।”

আজ ৫ নভেম্বর ইউটিউবে ফাহিমইসলাম চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ফেসবুকসহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই শোনা যাবে।

২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। সংগীতশিল্পীর বাইরে ফাহিম প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার।

আরআর