Dhaka Mail Logo

বিনোদন

কোনো স্থায়ী নিরাময় নেই, টিউমার আবার বাড়তে পারে: তানিয়া বৃষ্টি 

বিনোদন ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে সম্প্রতি ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকের অভিনয় শেষ করেছেন তিনি। নাটকে কাজ করার জন্য চিকিৎসকের অনুমতি নেওয়া লেগেছে তার। 

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতার দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন ক্যানসার বিশেষজ্ঞ তাকে বলেছিলেন, তিনি হয়তো আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন। সেদিন জীবনের প্রথম সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছিলেন তানিয়া। ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম।

গেল ফেব্রুয়ারিতে জানা যায় ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি। তারপর থেকে চিকিৎসাধীন আছেন অভিনেত্রী। বর্তমানে কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। অভিনেত্রী বলেন, ‘ডিসেম্বরে কেমোথেরাপি শেষ হবে। এরপর আবার সব টেস্ট করাতে হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন ডাক্তারেরা। তবে এখন আগের চেয়ে অনেক ভালো আছি। সার্জারির পর ঘুমাতে কষ্ট হতো, দুর্বল লাগত, মাথা ঘোরা ও বমি হতো। রেডিওথেরাপির সেই কঠিন সময় শেষে ধীরে ধীরে এখন স্বাভাবিকতার দিকে যাচ্ছি। তার পরও আমি তো গ্লিওব্লাস্টোমা পেশেন্ট, এর কোনো স্থায়ী নিরাময় নেই। তাই টিউমার আবার বাড়তেও পারে। সবার কাছে শুধু দোয়া চাই।’

অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা। 

ইএইচ/