বিনোদন ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায় মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে আটশো কোটি টাকার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দক্ষিণী টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শাবানা সাজাহানের। সম্প্রতি সামাজিক মাধ্যমে অর্থ কেলেঙ্কারিতে নাম জড়ানোর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি। এক বিবৃতিতে নিজের বিরুদ্ধে ওঠে অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
বিবৃতিতে অভিনেত্রী জানান, কোনো রকম তথ্যসূত্র ছাড়াই বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজ তার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ও আপত্তিকর ক্যাপশন ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোল করার অভিযোগ তুলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্টগুলো অত্যন্ত আপত্তিকর। এ ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’
ট্রোলকারীদের উদ্দেশ্য শাবানা বলেন, ‘অভিযোগগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছে তারা কি একইভাবে সত্য তুলে ধরার চেষ্টা করবে? আমার মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না। সম্মান দেওয়ার বা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমার পরিবার সত্যটা জানে।’
তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা প্রায় আটশ বত্রিশ কোটি সাতাত্তর লাখ সাতাশ হাজার টাকার দুর্নীতি মামলা নিয়ে বর্তমানে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) তদন্ত চালাচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ ঘটনায় সম্প্রতি প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।
এই কেলেঙ্কারিতে শুধু শাবানাই নন, এর আগে তামিল আরেক জনপ্রিয় অভিনেত্রী জননী অশোককুমারও নিজের নাম জড়ানোর বিষয়টি অস্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন।
উল্লেখ্য, কেরালায় জন্মগ্রহণ করা শাবানা সাজাহান তামিল টিভি সিরিয়াল ‘সেম্বারুথি’-এ ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এ ছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বিবাহসূত্রে তিনি তামিল অভিনেতা আরিয়ানের স্ত্রী।
ইএইচ/