Dhaka Mail Logo

বিনোদন

জনপ্রিয় টিকটকারের গায়েহলুদে পদদলিত হয়ে নিহত ১, আহত অনেকে 

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে জনপ্রিয় টিকটকার মোহাম্মদ আনসার জাটের গায়েহলুদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পদদলিত হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হলেও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী আহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, মিষ্টার পাতলু নামে পরিচিত টিকটকার আনসার জাটে দাসকা রোডের ফরাজ ক্রিকেট গ্রাউন্ডে একটি মেহেন্দি সন্ধ্যা ও লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহর থেকে শত শত অনুরাগী ক্রিকেট গ্রাউন্ড প্রাঙ্গণে জড়ো হন। আয়োজকরা দর্শকদের জন্য প্রধান ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থালে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেতে শুরু করেন।

পরে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে আল্লামা ইকবাল টিচিং হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আকিল নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। আহতদের অধিকাংশের বয়স ২২ থেকে ৫১ বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা নাভিদ ইকবাল জানান, এমন বিশাল জনসমাগমের বিষয়ে আয়োজকরা আগে থেকে ফায়ার সার্ভিসকে অবহিত করেননি। পরবর্তীতে খবর পেয়ে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। জেলা পুলিশ কর্মকর্তা দোস্ত মোহাম্মদ আয়োজকদের দায়ী করেছেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

ইএইচ/