Dhaka Mail Logo

বিনোদন

৩ বছরের সম্পর্কের ইতি টানলেন সাইফপুত্র

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির দীর্ঘদিনের প্রেমে ফাটল ধরেছে। বলিপাড়ার দীর্ঘদিনের গুঞ্জন পেরিয়ে অবশেষে তিন বছরের সম্পর্কের ইতি টানলেন এই তরুণ জুটি।

তাঁদের প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট হলেও বিষয়টি নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন দুইজন। মাঝেমধ্যে রেস্তরাঁ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করতেন তাঁরা। তবে সম্প্রতি ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, নবাবপুত্র ইব্রাহিম সম্পর্কে ইতি টেনেছেন।

এদিকে বিচ্ছেদের প্রভাব পড়েছে তাঁদের পেশাগত জীবনেও। এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি প্রযোজনা সংস্থা বিশেষ শুটিংয়ের পরিকল্পনা করেছিল। কিন্তু ব্রেকআপের পর তাঁরা একে অপরের সঙ্গে শুটিং করতে অস্বীকৃতি জানানোয় কাজটি ভেস্তে গেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদ দুইজনের ইচ্ছার প্রেক্ষিতে হয়েছে। তাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো রকম কাদা ছোড়া ছোড়ি করতে নারাজ। বর্তমানে তারা দুইজনে নিজেদের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চান।

২০২২ সালের জানুয়ারি মাস থেকে ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় আলোচনা শুরু হয়েছিল। একটি রেস্তরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় আলোকচিত্রীদের ক্যামেরা এড়াতে পলকের মুখ লুকানোর ঘটনা থেকে তাঁদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। চলতি মাসের শুরুতেও রাজস্থানের রণথম্ভোরে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে জল্পনা শুরু হয়েছিল। তবে এত দিন সম্পর্কের কথা অস্বীকার করলেও অবশেষে তাঁদের দীর্ঘ তিন বছরের সম্পর্কের ইতি ঘটল। যদিও ইব্রাহিম কিংবা পলক কেউ এখনও বিচ্ছেদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। 

ইএইচ/